বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে মাছ ধরার জালে আটকা পড়া প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে সাপটি উপজেলা সদরে আনা হলে একনজর দেখতে নারী-পুরুষ ও শিশুদের ভিড় জমে। উদ্ধারকারীরা জানিয়েছেন, অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করে সুন্দরবনের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা (মাছ ধরার জাল) তুলতে গিয়ে জালের মধ্যে আটকে থাকা অজগরটি দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি সাপ উদ্ধারকারী রাসেল কবিরাজকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করেন।
রাসেল কবিরাজ বলেন, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছি। এটি আমাদের জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগের কারণে অজগরটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি।
পরে অজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হলে সেটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমান। এ সময় রাসেল কবিরাজ তার বহন করা থলি থেকে অজগরটি বের করে উপস্থিত জনসাধারণকে দেখান। সাপটি একনজর দেখতে নারী, পুরুষ ও শিশুদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম বলেন, খবর পেয়ে আমরা অজগরটি গ্রহণের জন্য এসেছি। আজ বিকেলেই সাপটিকে সুন্দরবনের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত অজগরটি রাসেল কবিরাজের জিম্মায় ছিল। বন বিভাগের কর্মকর্তাদের কাছে সাপটি হস্তান্তরের চলছে।
ডেল্টা টাইমস/সোহাগ হাওলাদার/ এনআইএন/