বড় ধরনের নতুন কোনো দুর্যোগ না হলে পর্যটকদের জন্য খুব শিগগির বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সোমবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জেলা প্রশাসক (ডিসি) মো. সানিউল ফেরদৌস।
জেলা প্রশাসক বলেন, বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গম পর্যটন এলাকা ও উপজেলা পর্যায়ের সড়কগুলো। এসব সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত পর্যটকদের ঝুঁকিতে ফেলা হবে না। তবে জেলা শহরের ভেতরের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের চলাচলে কোনো বাধা নেই।
সানিউল ফেরদৌস বলেন, বান্দরবানের অসংখ্য মানুষের জীবিকা পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল।
কয়েক দিন ধরে পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় হোটেল-রিসোর্ট, পরিবহন, গাইড, ক্ষুদ্র ব্যবসায়ীসহ হাজারো মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ১৫ জুলাই পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এরপর বড় ধরনের কোনো দুর্যোগ না থাকলে পরিস্থিতি পর্যালোচনা করে পর্যায়ক্রমে সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।