রংপুরে ২ কৃষকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:০৭ পিএম (ভিজিট : ৫১)

ফাইল ছবি
রংপুরের মিঠাপুকুরে গলাকাটা অবস্থায় আবু সাঈদ নামে একজন কৃষক ও পীরগঞ্জে পা বাঁধা রক্তাক্ত অবস্থায় আরেক কৃষক মফিজার রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একদিনে দুই উপজেলার পৃথক দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জে পৃথক দুটি ঘটনায় দুই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
সেচ ঘরে পড়েছিল কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ:
পীরগঞ্জ উপজেলায় একটি সেচ ঘর থেকে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে পীরগঞ্জ উপজেলা বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক মো. আমজাদ আলীর ছেলে। তিনি রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন বলে জানান পরিবার ও স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, গভীর রাতে চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখনো মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
অন্যদিকে জেলার মিঠাপুকুর উপজেলা মমিনপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে আবু সাঈদ নামে আরেক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে মিঠাপুকুর থানার পরিদর্শক হাফিজুর রহমান বলেন, এলাকাবাসী গলাকাটা অবস্থায় কৃষকের মরদেহ দেখতে পেলে আমাদের খবর দেয়। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
ডেল্টা টাইমস্/আইইউ