দেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) হাম আক্রান্ত ও এ রোগের লক্ষণ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন হাম আক্রান্ত ছিলেন এবং ১০ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৯৮৪ জন লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন, যাদের মধ্যে ৬৫৪ জনকে ভর্তি করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ২৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, রংপুরে ভর্তি হয়েছেন ১১ জন। মৃত্যুর ক্ষেত্রে ঢাকায় একজন এবং জেলাগুলোর মধ্যে খুলনাই সর্বোচ্চ পাঁচজন মারা গেছেন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ১১৩ জন। বিভাগভিত্তিক হিসেবে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৫৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। তালিকায় এরপরেই রয়েছে ঢাকা বিভাগ, যেখানে মারা গেছেন ৪৫ জন।
এ সময়ে লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৪৭০ জন, যাদের মধ্যে চিকিৎসা শেষে তিন হাজার ৩৮০ জন হাসপাতাল ছেড়েছেন।
ডেল্টা টাইমস্/আইইউ