প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩০ এএম (ভিজিট : ০)

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট খেলেই তিনি ফরম্যাটটিকে বিদায় জানাবেন। এর আগে আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন এই তারকা। খেলোয়াড়ী অধ্যায় শেষে মুশফিকের নিবেদন-ত্যাগ অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন নাফিস ইকবাল।
দক্ষিণ আফ্রিকায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল মুশফিকের বিদায়ের খবর নিয়ে বলেছেন, ‘আমি নিউজে দেখলাম। সেভাবে কথা হয়নি। বোর্ড সভাপতি এটা ঘোষণা দিয়েছেন, এতটুকুই। আসলে সে (মুশফিক) সবসময় আমার ব্রেকফাস্টে সঙ্গী ছিল। আগে ব্রেকফাস্টে আমাদের একটা গ্রুপ ছিল আমি, তাইজুল (ইসলাম), মুমিনুল (হক), মুশফিক। আমি যতদিন ধরে ম্যানেজার ছিলাম ওই রুটিনেই চলেছে। হাসি-ঠাট্টা ও মাঠের বাইরে সব স্বাভাবিক ছিল।’
মুশফিকের হঠাৎ অবসরের ঘোষণা চমক হিসেবে এসেছে নাফিসের কাছে, ‘অবশ্যই (সারপ্রাইজিং)। সে এই খেলার কিংবদন্তি ক্রিকেটার। আমরা আবেগী জাতি। যেকোনো বিদায়ই আমাদের আবেগী করে। বাংলাদেশের ক্রিকেটে তার নিবেদন ও ত্যাগ উদাহরণ হয়ে থাকবে। (আগে জানানো) না এমন কিছু শেয়ার করেনি।’
এ ছাড়া মুশফিকের ত্যাগ, নিবেদন এবং প্রস্তুতি প্রসঙ্গেও প্রশংসা করেছেন সাবেক এই ক্রিকেটার, ‘সে (মুশফিক) উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশের ক্রিকেটে। প্রস্তুতি ও নিবেদন দিয়ে। এগুলো সবসময় থেকে যাবে। লর্ডসে তার অভিষেকও আমাদের সঙ্গে হয়েছিল। একসঙ্গে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছি, যদিও আমি একটু বড় তার চেয়ে। দারুণ স্মৃতি আছে তার সঙ্গে।’
মুশফিককে নিয়ে নাফীস ইকবাল আরও জানিয়েছেন, ‘শুরু থেকে তার যে প্রস্তুতি, নিবেদন, ত্যাগ সবকিছুই দিন দিন আরও ভালো হয়েছে। ফিটনেস বা সব দিক দিয়ে যেভাবে সে শেষ করেছে সবই দুর্দান্ত ছিল। সে ভেবেছে এটাই সঠিক সময়, ফলে এটাই সঠিক সময়। একসঙ্গে যেহেতু খেলেছি অনেক ভালো সম্পর্ক, অনেক স্মৃতি আছে। অনূর্ধ্ব-১৯ থেকে জাতীয় দল, পরে আমি বের হয়ে যাই। ঘরোয়া ক্রিকেটেও মাঝেমধ্যে দেখা হয়েছে। পরে ম্যানেজার হিসেবে ফিরি। দারুণ সব স্মৃতি।’
ডেল্টা টাইমস/সিআর/এমই