বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ এএম (ভিজিট : ০)

শুরুতে টনি মার্তিনেজের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল হজম করে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি, উল্টো 'ডাইভ' দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুড বেলিংহ্যাম। ঘরের মাঠে দেপোর্তিভো আলাভেসের কাছে হেরে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয়ের ধারা থামল জোসে মরিনহোর দলের।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে রিয়াল।
এই হারে পয়েন্ট তালিকার তিন নম্বরে নেমে গেছে স্বাগতিকরা। দিনের আরেক ম্যাচে এলচেকে ৩-২ গোলে হারিয়ে রিয়ালের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে দুইয়ে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনা এগিয়ে আছে ৩ পয়েন্টে। রোববার দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে খেলবে কাতালানরা।
ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়ে মরিনহো বলেন, 'সব দায় আমার, সিদ্ধান্তগুলো আমারই ছিল। আমরা এমন কিছু পয়েন্ট হারিয়েছি যা হারানো উচিত হয়নি। তবে জীবন থেমে থাকে না, কাল থেকেই আমরা আবার কাজে ফিরব।'
রেকর্ড গড়া সাইনিং ইয়ান দিওমান্দেকে বিশ্রাম দিয়ে বাঁ প্রান্তে ভিনিসিউস জুনিয়রকে নিয়ে একাদশ সাজিয়েছিলেন মরিনহো। শুরুটা ভালোই করেছিল রিয়াল। আক্রমণাত্মক ফুটবলে ভিনিসিউস গোলের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন। তবে ম্যাচের ধারার বিপরীতে ২২তম মিনিটে এগিয়ে যায় কিকি সানচেজ ফ্লোরেসের দল।
রিয়াল ডিফেন্ডার ডিন হাউসেনের ভুলে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে একা পেয়ে যান মার্তিনেজ। কোর্তোয়া এবং গোললাইন থেকে ইব্রাহিমা কোনাতে বল ফেরানোর চেষ্টা করলেও তার আগেই বল গোললাইন পেরিয়ে যায়। ফিরতি বলে রিয়ালের সাবেক স্ট্রাইকার মারিয়ানো দিয়াজ জাল খুঁজে পেলেও গোলটি মার্তিনেজের নামেই লেখা হয়।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা বেলিংহ্যাম সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন। আর্দা গুলেরের ক্রসে পা ছোঁয়ালেও বল ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। ৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আলাভেস। দিয়াজের চিপ করে বাড়ানো বল ধরে কোর্তোয়াকে কাটিয়ে ফাঁকা জালে বল জড়ান আনহেল পেরেজ।
ম্যাচে ফিরতে মরিয়া রিয়ালকে আশা দেখান দলের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। এক ডিফেন্ডারকে কাটিয়ে তার নেওয়া শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
চলতি মৌসুমে শেষ দিকের গোলে রিয়ালকে বেশ কয়েকবার বাঁচানো স্ট্রাইকার কার্লোস এসপি এদিনও সমতা ফেরানোর কাছাকাছি গিয়েছিলেন। তবে তার হেড পোস্টে লেগে ফিরে আসে।
শেষ দিকে আলাভেসের বক্সে বেলিংহ্যাম পড়ে গেলে প্রথমে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তবে ভিএআরে দেখা যায়, তাকে কোনো ফাউল করা হয়নি। ফলে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করার পাশাপাশি ইংলিশ এই মিডফিল্ডারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
এরপর এসপির আরও একটি ফ্লিক দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে। গত ২০ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটিই তাদের প্রথম পরাজয়।
ঐতিহাসিক এই জয়ের পর উচ্ছ্বসিত আলাভেস উইঙ্গার পেরেজ বলেন, 'আমরা ক্লাবের জন্য ইতিহাস গড়েছি। আমরা নিশ্চিত ছিলাম ওটা পেনাল্টি ছিল না, স্ক্রিনে দেখেই তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।'
ডেল্টা টাইমস/সিআর/এমই