অস্ট্রেলিয়ায় ভালো করেও একাদশে অনিয়মিত, যা বললেন শরিফুল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:১৪ এএম (ভিজিট : ০)

জোহানেসবার্গে ডাগআউটে থেকে বাংলাদেশের হার দেখেছেন শরিফুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে তার সুযোগ মিলেছে। যদিও বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি বাঁ-হাতি এই পেসার। ৯৫ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন। এর আগে অবশ্য অস্ট্রেলিয়ায় গতির ঝড় তোলার অভিজ্ঞতা আছে শরিফুলের, তবুও টেস্ট একাদশে তিনি নিয়মিত নন।
সেঞ্চুরিয়নে চলমান টেস্টে বাংলাদেশ ৪০৩ রানে পিছিয়ে আছে। দ্বিতীয় দিনের খেলা শেষে গতকাল সংবাদ সম্মেলনে হাজির হন পেসার শরিফুল। দলের ক্যাচ-ফিল্ডিং মিস নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘এখন তো ফিল্ডিংয়ের ব্যাপারটা মালি (মালিবংওয়ে মাকেতা) দেখছে। উনি সবেমাত্র দায়িত্ব পেলেন। আমরা হয়তো অন্য দলের তুলনায় একটু বেশিই ক্যাচ মিস করছি। আশা করি এটা থেকে শিগগিরই ওভারকাম করব।’
ম্যাচে ভুল করলেও ফিল্ডিং অনুশীলনে কমতি থাকে না বলে জানালেন শরিফুল। ম্যাচে সেসব কাজে লাগাতে পারছেন না উল্লেখ করে তিনি বলেন, ‘প্র্যাকটিস তো আমরা পারফেক্টলি করছি–ই। হয়তো ম্যাচের ভেতর এক্সিকিউশন হচ্ছে না।’
অস্ট্রেলিয়ায় ভালো করেও একাদশে অনিয়মিত শরিফুল। বিষয়টি অবশ্য নিজের হাতে নেই বলে সহজ করতে চাইলেন তিনি, ‘অস্ট্রেলিয়া সিরিজ অনেক পেছনে। সেটা অতীত ছিল। সেখানে ভালো করেছি। বর্তমানে টিম ডিমান্ড যদি বলেন, কোচ-ক্যাপ্টেনের চাওয়া, এটাকে আমি সম্মান করি। ওয়ার্কলোড কমপ্লিট করেই রেডি ছিলাম। উনারা যেটা ভালো হবে সেই সিদ্ধান্তই নিয়েছেন।’
ডেল্টা টাইমস/সিআর/এমই