বাফুফে সভায় তোপের মুখে টেকনিক্যাল ডিরেক্টর

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

ফুটবল ফেডারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ টেকনিক্যাল ডিরেক্টর। যিনি দেশের ফুটবলের প্রকৃত রূপরেখা তৈরি করবেন। টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী

2026-11-26T13:38:42+06:00
2026-11-26T13:38:42+06:00
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফে সভায় তোপের মুখে টেকনিক্যাল ডিরেক্টর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ১৩)

ফুটবল ফেডারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ টেকনিক্যাল ডিরেক্টর। যিনি দেশের ফুটবলের প্রকৃত রূপরেখা তৈরি করবেন। টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর কর্মকাণ্ড নিয়ে ফুটবলাঙ্গনে প্রশ্ন উঠেছিল আগেই। গতকাল নির্বাহী কমিটির সভায় দুই সহ-সভাপতিসহ একাধিক কর্মকর্তার কঠিন জেরার মুখে পড়েছিলেন টেকনিক্যাল ডিরেক্টর।

টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু বছরের অধিকাংশ সময় কোচিং কোর্স করাতে ব্যস্ত থাকেন। এত এত কোচ সনদ পাচ্ছেন, অথচ অ-১৭ পর্যায়েও তিনি হেড কোচের দায়িত্ব নিয়ে বিদেশ যাচ্ছেন। এই বিষয়ে এক সহ-সভাপতি গতকাল কড়া সমালোচনা করেছেন, টেকনিক্যাল ডিরেক্টর কেন কোচ হয়ে বিদেশ সফর করবে?'

সভাপতি তাবিথ আউয়ালের অনুমোদন ছাড়া অবশ্য টিটু কোচ হিসেবে বিদেশ সফরে যেতে পারেন না। এটি যেমন সঠিক আবার ফুটবল ফেডারেশনের অনেকের তথ্য অনুযায়ী, তিনি কোচ হয়ে বাইরে যাওয়ার জন্য নিজেই ক্ষেত্র প্রস্তুত করে সভাপতির কাছে উপস্থাপন করেন এভাবে,‘আপনি চাইলে/অনুমতি দিলে আমি যেতে রাজি।’

টিটুকে নারী দলে কোচ করে বিভিন্ন দেশে পাঠানোর পেছনে মাহফুজা আক্তার কিরণের ইচ্ছেও একটি বড় প্রভাবক। সাইফুল বারী টিটু ফুটবল ফেডারেশনে পুনরায় ফেডারেশনে যোগ দিয়েছিলেন নারী দলের হেড কোচ হিসেবে কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণের মাধ্যমেই। এরপর সেখান থেকে টেকনিক্যাল ডিরেক্টর হয়েছেন।

এএফসির অর্থায়নে বাফুফের বেতনভুক্ত কয়েকজন কোচ রয়েছেন। যারা জেলা পর্যায়ে এবং তৃণমূল ফুটবলে প্রতিভা অন্বেষণে কাজ করেন। সেই কোচরা কোন জেলায় কি কাজ করছে এবং সেই কাজের মূল্যায়ন নিয়ে বাফুফের আরেক সহ-সভাপতি টেকনিক্যাল ডিরেক্টরের কাছে প্রশ্ন রেখেছিলেন সভায়। এই প্রসঙ্গে তার নিজ জেলার কোচের নিষ্ক্রিয়তার উদাহরণও দিয়েছেন।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিয়ম অনুযায়ী জাতীয় দলে কোচিং করতে এএফসি প্রো লাইসেন্স সনদ প্রয়োজন। প্রো লাইসেন্স কোচিং কোর্স আয়োজনের জন্য ফেডারেশনের একাধিক কর্মকর্তা তাগাদা দিলেও সেটি সামনে আয়োজন হচ্ছে। যদিও ফুটবলাঙ্গনে গুঞ্জন সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে প্রো লাইসেন্স করার জন্য এই কর্মসূচি।

তবে টেকনিক্যাল বিভাগের তথ্য, সাইফুল বারী টিটু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এ লাইসেন্স পর্যন্ত কোর্স করাতে পারতেন। এখন তাকে এএফসি প্রো লাইসেন্সও করানোর অনুমতি দিয়েছে এজন্য কোর্স আয়োজন। বিদেশি ইন্সট্রাকটর আনা অবশ্য ব্যয়বহুলও।

সিনিয়র, জুনিয়র জাতীয় দলে বিদেশি কোচ নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি জড়িত থাকেন টেকনিক্যাল ডিরেক্টর। মার্ক কক্স, জেরার্ড জোন্স, থমাস ডুলির নিয়োগে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। থমাস ডুলি সহকারী হিসেবে এমন কোচদের এনেছেন যাদের যোগ্যতা অনেক প্রশ্নবিদ্ধ। কালকের সভায় টেকনিক্যাল ডিরেক্টরের অন্য বিষয়গুলো সমালোচনার মধ্যে পড়লেও এই বিষয়টি আড়ালে থেকেছে। জাতীয় দল কমিটির সভাতেও সেভাবে আসেনি। কালকের সভায় টেকনিক্যাল ডিরেক্টরের সমালোচনা ও জবাবদিহিতার এক পর্যায়ে টেকনিক্যাল কমিটির দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল।

কালকের সভা এক ঘণ্টার বেশি সময় অতিবাহিত হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে দল সংখ্যা নিয়ে। বিশেষ করে বাফুফের এক সহ-সভাপতি ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে পুনারয় বিসিএলে সুযোগ দিতে অনেক সময়ক্ষেপণ করেছেন। নির্বাহী কমিটির আরেক সদস্য উত্তর বারিধারাকেও সুযোগ দেয়ার পক্ষে ছিলেন। বিশেষ করে ফরাশগঞ্জ বিগত সময়েও রেলিগেশনে পড়ে নিচের স্তরে না খেলে আবার পূর্বের স্তরে খেলার সুযোগ একাধিকবার পাওয়ায় সভাপতিসহ আরও অনেকে নেতিবাচক মনোভাব পোষণ করেন।

বাফুফে নির্বাহী কমিটির ২১ জনের মধ্যে সবচেয়ে সক্রিয় সহ-সভাপতি ফাহাদ করিম। ফেডারেশনের প্রায় সকল অনুষ্ঠান তো বটেই, ফুটবলের সামাজিক অনুষ্ঠানেও ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন। গতকাল গুরুত্বপূর্ণ সভায় তিনি প্রবেশ করেছেন যখন কে স্পোর্টস-বসুন্ধরার সঙ্গে ফেডারেশনের দেনা-পাওনা আলোচনা শেষ তখন।

বাফুফে সভায় প্রায়ই নানা বিষয়ে যুক্তি-পাল্টা যুক্তি হয়। তবে কাল সভা শেষে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটি বিষয় আলোচ্যসূচিতে না আসায় নির্বাহী কমিটির একজন সদস্য সাধারণ সম্পাদকের সঙ্গে অত্যন্ত উত্তেজিত আচরণ এবং এক প্রকার হুমকিও দেন। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের পরিপক্বতা ও দূরদর্শিতা নিয়ে ফুটবলাঙ্গন সন্দিহান থাকলেও ভদ্রতা-নম্রতা নিয়ে সবাই একমত। সেই তুষারও এক পর্যায়ে পাল্টা উত্তর দেন। সভাপতির উপস্থিতিতে এমন ঘটনা হলেও এক সহ-সভাপতি উভয় পক্ষকে নিবৃত্ত করেন এবং বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে বলেন। 

সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন একবার ক্যাবরেরাকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় শোকজ এবং জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দিয়েছিলেন। এরপর আরও অনেকে অনেক মন্তব্য করলেও কোনো শোকজ পাননি। নির্বাহী কমিটির অনেকের আচার-আচরণ নানা সময়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করলেও সভাপতির তেমন কোনো নির্দেশনা পরিলক্ষিত হয় না।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ