আদানির ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট ২৫ দিন বন্ধ থাকবে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম (ভিজিট : ০)

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। নিয়মিত বার্ষিক রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আজ ২৫ নভেম্বর দিবাগত রাত থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ হবে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
বুধবার (২৫ নভেম্বর) আদানি পাওয়ারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটির নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগাম পরিকল্পনা অনুযায়ী এ কার্যক্রম নেওয়া হয়েছে। এ সময় ইউনিটটির প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রাংশের সেবা ও ত্রুটি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ কার্যক্রমের বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সম্মতি দিয়েছে।
আদানি পাওয়ার আরও জানিয়েছে, একটি ইউনিটের রক্ষণাবেক্ষণ চললেও বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।
উল্লেখ্য, আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। এর একটি ইউনিট ২৫ দিন বন্ধ থাকায় এ সময়ে কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।