শ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহ্দী আমিন

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

২০২৩ সালে সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের ব্যবধানে তৈরি পোশাকশ্রমিকদের গ্রেডভেদে ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩

2026-11-25T17:43:16+06:00
2026-11-25T17:43:16+06:00
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহ্দী আমিন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ০)
মাহ্দী আমিন: ফাইল ছবি

মাহ্দী আমিন: ফাইল ছবি

২০২৩ সালে সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের ব্যবধানে তৈরি পোশাকশ্রমিকদের গ্রেডভেদে ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। এতে মূল বেতনের বাইরেও অতিরিক্ত অর্থ যুক্ত হয়ে মাস শেষে তাদের মোট আয় বাড়বে।

মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বিশ্বজয়ের পেছনে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে দেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা অর্থনৈতিক প্রয়োজনের পাশাপাশি নৈতিক দায়িত্বও।

তিনি বলেন, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এ সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডে মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এতে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।

গ্রেড-২-এ সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। ফলে বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।

গ্রেড-৩-এ জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এ গ্রেডে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ৪১ দশমিক ৭০ শতাংশ।

অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এ হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। এতে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ।

মাহ্দী আমিন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি পরস্পরের পরিপূরক। শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাত গড়ে উঠলে দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও উন্নত সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলে কর্মসংস্থান, বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধিও সুরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, সরকার এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চায়, যেখানে শ্রমিকরা ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন। উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

মজুরি নির্ধারণে শ্রমিকদের ন্যায্য দাবি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখাই মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

নতুন মজুরি কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ ও মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়ে মাহ্দী আমিন শ্রমিক-মালিক উভয় পক্ষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে হবে। শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই তৈরি পোশাকশিল্পকে এগিয়ে নেবে এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ