প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বুধবারা (২৫ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন আয়োজিত ‘ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ-লেড ডায়ালগ—ফাইভ জিরো মুভমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিশুশ্রম প্রতিরোধ এবং দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি ও উপবৃত্তি চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার মিড ডে মিল কর্মসূচি চালু করেছে। পাশাপাশি সব শিক্ষার্থীর জন্য একই ধরনের পোশাক, জুতা ও স্কুলব্যাগ দেওয়ার লক্ষ্যে কাজ করছে। এসব উদ্যোগ নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
মা ও শিশুর অপুষ্টি দূর করার বিষয়ে মন্ত্রী বলেন, মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের চলমান ‘১ হাজার দিনের কর্মসূচি’র মেয়াদ বাড়িয়ে চার বছর করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সরকার শুধু সামাজিক নিরাপত্তা ভাতার পরিমাণই বাড়ায়নি, ভাতাভোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করা গেলে নারী ও শিশুদের প্রতি সহিংসতা অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য শৈশব থেকেই সন্তানদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের সার্বিক বিকাশের স্বার্থে বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ‘লাইফ স্কিল’ বা জীবনদক্ষতামূলক শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক সচিব ড. রওশন আরা বেগম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক ড. জ্যারেড উইলিয়াম বেরেন্ডস। এ ছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, নারী ও শিশুর অধিকারকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোর-কিশোরীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।