দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ এএম (ভিজিট : ০)

আগামী রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে এনবিআর জানায়, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমেছে। একইভাবে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে আপেল ও কমলায় মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে।
প্রজ্ঞাপনে আপেল ও কমলার ক্ষেত্রে নতুন হার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা বলা হয়েছে। এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে এবং বাজারে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। ধারাবাহিকভাবে তা কমতে থাকে। যেমন ২০২৪-২৫ অর্থবছরে আমদানি কমে ১ লাখ ৬২ হাজার টনে নেমে আসে, যা আলোচিত সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি আবার বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।
অন্যদিকে গত ছয় অর্থবছরে দেশে কমলার আমদানি ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হয়েছিল। যা ২০২৪-২৫ অর্থবছরে কমে আমদানি হয় ১ লাখ ৬৯ হাজার টন। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে দাঁড়ায়, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।
শুল্ক কমানোর এই সিদ্ধান্তের ফলে আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার আমদানি বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। যদিও শুল্ক কমানোর সুফল ভোক্তাপর্যায়ে প্রত্যাশা অনুসারে পৌঁছায় না বলেই মনে করে বাজার সংশ্লিষ্টরা।
ডেল্টা টাইমস/সিআর/এমই