চার মাসে অস্ট্রেলিয়া-কানাডা থেকে এসেছে ১৭ কোটি ডলার রেমিট্যান্স

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

প্রচলিত শ্রমবাজারের বাইরে বাংলাদেশের প্রবাসী আয়ের নতুন উৎস হয়ে উঠছে অস্ট্রেলিয়া ও কানাডা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার

2026-11-22T16:22:36+06:00
2026-11-22T16:56:19+06:00
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার মাসে অস্ট্রেলিয়া-কানাডা থেকে এসেছে ১৭ কোটি ডলার রেমিট্যান্স
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:২২ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ৪:৫৬ পিএম  (ভিজিট : ৩)

প্রচলিত শ্রমবাজারের বাইরে বাংলাদেশের প্রবাসী আয়ের নতুন উৎস হয়ে উঠছে অস্ট্রেলিয়া ও কানাডা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশ দুটি থেকে ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে অস্ট্রেলিয়া থেকে এসেছে ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার এবং কানাডা থেকে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার। দুই দেশ থেকে আসা রেমিট্যান্স দেশের মোট প্রবাসী আয়ের প্রায় ১ দশমিক ৫ শতাংশ। আলোচ্য সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার।

মাসভিত্তিক হিসাবে, অস্ট্রেলিয়া থেকে জুলাইয়ে ২ কোটি ১৩ লাখ, আগস্টে ২ কোটি ২১ লাখ ৪০ হাজার, সেপ্টেম্বরে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার এবং অক্টোবরে ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার এসেছে।
কানাডা থেকে একই সময়ে এসেছে যথাক্রমে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার, ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার, ২ কোটি ১০ লাখ ও ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ বজায় রাখতে রেমিট্যান্সের উৎসে বৈচিত্র্য গুরুত্বপূর্ণ। বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো সহজ ও আকর্ষণীয় করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। হুন্ডি নিরুৎসাহিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রথম চার মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।

অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশে দক্ষ জনশক্তির কর্মসংস্থান বাড়ানো গেলে রেমিট্যান্সের উৎস আরো বিস্তৃত হবে। এতে কয়েকটি দেশের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি দীর্ঘ মেয়াদে প্রবাসী আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ