দেশে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল খেলাপি ঋণ

অর্থনীতি

দেশের ব্যাংক খাতে ঋণ আদায়ের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের ৩৩ দশমিক ৮০

2026-11-23T11:53:47+06:00
2026-11-23T11:53:47+06:00
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল খেলাপি ঋণ
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ এএম   (ভিজিট : ১৮)

দেশের ব্যাংক খাতে ঋণ আদায়ের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি ও অন্যান্য শ্রেণিকৃত ঋণে পরিণত হয়েছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। তিন মাসের ব্যবধানে এ ধরনের ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। গত ৩০ জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। বিপরীতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। এ হিসাবে তিন মাসে শ্রেণিকৃত ঋণের হারও ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে। জুন শেষে এই হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে নীট শ্রেণিকৃত ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ।

শ্রেণিকৃত ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা, যা জুন শেষে ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা। মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশ। জুন শেষে এই হার ছিল ৩১ দশমিক ৪১ শতাংশ।

এর আগে গত মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। ডিসেম্বর ২০২৫ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। ফলে চলতি বছরের প্রথম তিন মাসে খেলাপি ঋণ বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। পরবর্তী প্রান্তিকেও ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। জুন শেষে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। সেপ্টেম্বরেও তা আরও বেড়েছে।

শুধু খেলাপি ঋণ নয়, শ্রেণিকৃত ঋণের বড় অংশই এখন মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা, যা মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ। অর্থাৎ শ্রেণিকৃত ঋণের প্রায় পুরোটাই আদায়-অনিশ্চিত মন্দ ঋণে পরিণত হয়েছে। এ ছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।

এদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে ব্যাংক খাতে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো সংরক্ষণ করতে পেরেছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে পুরো ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।

তবে আগের প্রান্তিকের তুলনায় প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। গত জুন শেষে এই ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে ঘাটতি কমেছে প্রায় ৪ হাজার ১৯ কোটি টাকা। একই সময়ে প্রভিশন কভারেজ অনুপাতও বেড়ে ৫৪ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। জুন শেষে এ হার ছিল ৫৪ শতাংশ। গত বছরের সেপ্টেম্বর শেষে প্রভিশন কভারেজ অনুপাত ছিল ২৮ দশমিক ৮২ শতাংশ।

ব্যাংক খাতের এই পরিসংখ্যান বলছে, ঋণ বিতরণের তুলনায় খেলাপি ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে। বিশেষ করে শ্রেণিকৃত ঋণের ৯২ শতাংশের বেশি মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে থাকায় আদায় পরিস্থিতি এবং ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। বিপুল অঙ্কের প্রভিশন ঘাটতিও ব্যাংকগুলোর আর্থিক ঝুঁকির চাপকে স্পষ্ট করছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ