মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম (ভিজিট : ০)

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের দাবি কমিয়ে ২২ হাজার টাকা করেছে।
তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় মজুরি নির্ধারণে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। দুপুর ২টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন তিনি।
মালিকপক্ষের তৃতীয় লিখিত প্রস্তাবে চারটি গ্রেডে ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৩৫ হাজার, গ্রেড-২-এ ৩০ হাজার, গ্রেড-৩-এ ২৭ হাজার এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি দাবি করেছে।
বোর্ডের সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা এবং পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টি আলোচ্যসূচিতে ছিল। তবে দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান থাকায় এদিনও চূড়ান্ত সুপারিশে পৌঁছানো সম্ভব হয়নি।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে নয় ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করে।
অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব দেয়। তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনার সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবারের (২৪ নভেম্বর) সভায় মালিকপক্ষ তাদের সর্বনিম্ন মজুরির প্রস্তাব আরও ১০০ টাকা কমিয়ে ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। তবে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় থাকে।
সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে মালিকপক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু সভায় অংশ নেন।
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের আলোচনার মাধ্যমে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া চলছে।