উন্নয়নশীল দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়ন ২০৩৫ সালের মধ্যে অন্তত তিন গুণ করার প্রস্তাব এসেছে কপ৩১-এর খসড়া সিদ্ধান্তে। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণের কথা বলা হয়েছে। জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, আগাম সতর্কব্যবস্থা ও সমুদ্র সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই খসড়ায়।
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রেসিডেন্সি ১৯ নভেম্বর খসড়া সিদ্ধান্তটি প্রকাশ করেছে। এতে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার একটি বাস্তবায়ন রোডম্যাপ তৈরির প্রস্তাব রয়েছে। এ লক্ষ্যে কপ৩১ ও কপ৩২-এর সভাপতিত্বের তত্ত্বাবধানে ‘আন্তালিয়া-টু-আদ্দিস আবাবা রোডম্যাপ অন অ্যাডাপটেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফাইন্যান্স’ চালুর কথা বলা হয়েছে।
খসড়া অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়নের উৎস আরও বিস্তৃত ও অনুমানযোগ্য করতে হবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর জন্য অর্থায়নের নতুন উৎস এবং সহজে অর্থ পাওয়ার ব্যবস্থা চিহ্নিত করবে এই রোডম্যাপ। ২০২৭ সালে এ উদ্যোগের অগ্রগতি নিয়ে প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে।
খসড়ায় বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোর জাতীয় জলবায়ু পরিকল্পনায় ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নযোগ্য কার্যক্রমের জন্য ৫ দশমিক ১ থেকে ৬ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার প্রয়োজন। অন্যদিকে ২০৩৫ সাল পর্যন্ত অভিযোজন খাতে প্রতিবছর প্রয়োজন ৩০৫ বিলিয়ন ডলার। তবে জলবায়ু অর্থায়নের প্রবাহ ও প্রয়োজনের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে।
১ দশমিক ৫ ডিগ্রির লক্ষ্য নিয়ে উদ্বেগ
খসড়া সিদ্ধান্তে বৈশ্বিক উষ্ণতা প্রাক্-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রির বদলে ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখা গেলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি অনেক কম হবে।
তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি ছাড়ালে এবং উষ্ণতা যত বাড়বে, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকিও তত বাড়বে। এতে মানুষ, জীবিকা ও প্রাকৃতিক পরিবেশের দীর্ঘমেয়াদি এবং কোনো কোনো ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হতে পারে।
খসড়ায় আরও বলা হয়েছে, প্যারিস চুক্তি বাস্তবায়নের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাসে অগ্রগতি এসেছে। জাতীয় জলবায়ু পরিকল্পনাগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি থেকে কমে প্রায় ২ দশমিক ৬ ডিগ্রিতে নামতে পারে। তবে ১ দশমিক ৫ ডিগ্রির লক্ষ্য ধরে রাখতে দ্রুত ও ধারাবাহিকভাবে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর বিকল্প নেই।
বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্য
জ্বালানি রূপান্তরের অংশ হিসেবে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব রয়েছে খসড়ায়। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা তিন গুণ এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির বৈশ্বিক গড় বার্ষিক হার দ্বিগুণ করার কথা বলা হয়েছে।
এ জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থা আধুনিক করা এবং বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা ও সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য পরিচ্ছন্ন, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানির সুযোগ নিশ্চিত করার কথাও রয়েছে।
এ ছাড়া ২০২৭ সালের মধ্যে বিশ্বের সব মানুষকে আগাম সতর্কব্যবস্থার আওতায় আনার জাতিসংঘ মহাসচিবের আহ্বান বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে স্বল্পোন্নত দেশ ও ছোট দ্বীপরাষ্ট্রগুলোতে এ ব্যবস্থা সম্প্রসারণের কথা বলা হয়েছে।
সমুদ্র ও শিশুদের সুরক্ষায় গুরুত্ব
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমুদ্রভিত্তিক উদ্যোগকে জাতীয় জলবায়ু পরিকল্পনায় যুক্ত করার প্রস্তাব এসেছে খসড়ায়। সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, জীববৈচিত্র্যের ক্ষতি এবং উপকূলীয় মানুষের জীবিকার ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে।
এ লক্ষ্যে ‘আন্তালিয়া ওশান কারেন্ট’ নামে সমুদ্র ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংলাপের একটি বহুবছর মেয়াদি পরিকল্পনা তৈরির প্রস্তাব রয়েছে। পাশাপাশি ২০২৮ সালের ১ জুনের মধ্যে ‘ব্লু ইমেজ সিনথেসিস রিপোর্ট’ প্রকাশের কথা বলা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শিশু ও তরুণদের সুরক্ষার বিষয়টিও খসড়ায় গুরুত্ব পেয়েছে। জলবায়ু-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রমে শিশু-কিশোর ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে তাদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বন ও মিথেন
খসড়ায় ২০৩০ সালের মধ্যে বন উজাড় ও বনের অবক্ষয় বন্ধ করে ক্ষতি পুনরুদ্ধারের প্রচেষ্টা জোরদার, মিথেন নিঃসরণ কমানো এবং প্রকৃতিভিত্তিক সমাধান সম্প্রসারণের কথাও রয়েছে।
কপ৩১-এর এই খসড়া সিদ্ধান্তে জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও জ্বালানি রূপান্তরের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন পাওয়ার জটিলতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এটি এখনো আলোচনাধীন খসড়া; চূড়ান্ত সম্মেলনে বিভিন্ন দেশের মতামত ও সমঝোতার ভিত্তিতে এর ভাষা ও সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।
ডেল্টা টাইমস/সিআর/এমই