শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিত ও তাদের সার্বিক বিকাশে দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং শহরের ওয়ার্ড পর্যায়ে পর্যায়ক্রমে চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।
নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘2nd Global Ministerial Conference on Ending Violence Against Children’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের প্যানেল আলোচনায় বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশ শিশু-কিশোর। এই বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তা, সুরক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। শিশুদের সুরক্ষায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের কর্মক্ষেত্রেও পরিচর্যা ও নিরাপত্তামূলক কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
তিনি জানান, বর্তমানে দেশের প্রতিটি উপজেলায় পাঁচটি করে কমিউনিটিভিত্তিক ‘শিশু সুরক্ষা কমিউনিটি হাব’ পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে স্বেচ্ছাসেবী সেবাদাতাদের সম্মানী দেওয়ার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায় থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে শিশু সুরক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রতিটি ইউনিয়নে এ সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের পরিচর্যার জন্য শহর ও উপশহরে ডে-কেয়ার কার্যক্রম চালু রয়েছে। তবে চাহিদার তুলনায় এসব সুবিধা পর্যাপ্ত নয়। এ কারণে শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে শিশু দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমানে মেডিকেল কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দর ও সরকারি দপ্তরে চাইল্ড কেয়ার কার্যক্রম চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এ সুবিধা চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে।
মন্ত্রী বলেন, শিশুদের পরিচর্যা, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্যে দেশব্যাপী সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে বিভিন্ন দেশের আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী, উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।