প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম (ভিজিট : ১১)

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে স্লোভেনিয়া। একই সঙ্গে দুই দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন এ আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে স্লোভেনিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিকশিত হয়েছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেন। দেশটির তৎকালীন রাষ্ট্রপতি মার্শাল টিটো ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পরও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সহজ ছিল না। বিভিন্ন সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।
তিনি বলেন, বিগত ১৬ বছরের প্রহসনের নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়েছিল। গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা স্থায়ীভাবে কুক্ষিগত করার চেষ্টা করা হয়। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা রাজপথে নেমে সেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন।
স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে স্লোভেনিয়া সরকার আগ্রহী বলেও জানান তিনি।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও এর সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান স্পিকার।
সাক্ষাতে স্লোভেনিয়ার দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই