জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিচ্ছন্ন জ্বালানি ও বিদ্যুতায়ন কার্যক্রম জোরদারে বছরে অন্তত ১৫৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর বৈশ্বিক জলবায়ু কার্যক্রমবিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এখন আর ফেরানো সম্ভব নয়। অভিযোজন কার্যক্রমও প্রান্তিক অবস্থান থেকে মূলধারায় প্রবেশ করছে। তবে এই পরিবর্তনের গতি ও ন্যায্যতা নির্ভর করছে এখন বিশ্ব কী পদক্ষেপ নেয় তার ওপর।
তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের এজেন্ডা প্রতিবছর অগ্রগতির শক্তিশালী চালিকাশক্তি হিসেবে কাজ করছে। কপ৩১-এ প্রতিশ্রুতিগুলো বাস্তব বিনিয়োগ, অবকাঠামো ও মানুষের জীবনে অনুভবযোগ্য অগ্রগতিতে রূপ নিচ্ছে। সম্মেলনে প্রকাশিত ‘কপ৩১ বিদ্যুতায়ন বাস্তবায়ন প্যাকেজে’ বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থা, পরিবহন, ভবন এবং শিল্প খাতে সমন্বিত উদ্যোগের কথা বলা হয়েছে।
স্টিয়েল জানান, ‘ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্স’-এর সদস্যরা বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সংরক্ষণ খাতে বছরে অন্তত ১৫৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছেন। এ বিনিয়োগ গত বছরের তুলনায় ৫ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় ৩৫ শতাংশ বেশি। ২০২৫ সালে ২১ হাজার কিলোমিটারের বেশি নতুন বিদ্যুৎ গ্রিড নির্মাণের তথ্যও তুলে ধরা হয়।
তিনি বলেন, বিদ্যুতায়ন জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়ায়, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও জ্বালানি ব্যয় কমায় এবং জ্বালানি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতে সহায়তা করে। অনুষ্ঠানে জলবায়ু কার্যক্রমের অন্যান্য অগ্রগতিও তুলে ধরা হয়। জানানো হয়, বিশ্বের ১১৬টি দেশে ৬ কোটি ৬০ লাখ হেক্টর জমিতে পুনরুজ্জীবনমূলক কৃষি কার্যক্রম বিস্তৃত হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে প্রায় ২৩০ কোটি ডলার ব্যয় করা হয়েছে।
এ ছাড়া ‘ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি’তে নতুন করে প্রায় ৫০ কোটি ডলারের প্রতিশ্রুতি এসেছে। এতে তহবিলটির মোট মূলধন ৮০০ কোটি ডলারের বেশি হয়েছে। অন্যদিকে, আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ২০টি জেলায় বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার, মেরামত ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
পরিবহন খাতেও শূন্য নিঃসরণভিত্তিক পণ্য পরিবহন করিডর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ছয়টি মহাদেশে ১৩টি করিডর উন্নয়নের কাজ চলছে। এসব সড়কের সম্মিলিত দৈর্ঘ্য ২৯ হাজার কিলোমিটারের বেশি।
সাইমন স্টিয়েল বলেন, জলবায়ু কার্যক্রমের সুফল বিশ্বের প্রতিটি দেশে পৌঁছে দিতে হবে, যাতে কোটি কোটি মানুষ কম জ্বালানি ব্যয়, নির্মল বায়ু ও উন্নত স্বাস্থ্যের সুবিধা পেতে পারে। ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজলভ্য অর্থায়ন ও প্রযুক্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বড় ধরনের পরিবর্তনের ক্ষেত্রে শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিজ্ঞানসম্মত চাহিদা এবং ক্রমবর্ধমান দুর্যোগের মাত্রা মোকাবিলায় কার্যক্রমের গতি বাড়াতে হবে, উদ্যোগের পরিসর সম্প্রসারণ করতে হবে এবং সব দেশে এর সুফল ছড়িয়ে দিতে হবে। কপ৩১-এর বৈশ্বিক জলবায়ু কার্যক্রম এজেন্ডার ছয়টি প্রধান ক্ষেত্রের মধ্যে কৃষি ও খাদ্যব্যবস্থা, নগর উন্নয়ন, অবকাঠামো এবং পানি খাতের স্থিতিস্থাপকতা বৃদ্ধির বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।
স্টিয়েল বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় প্রযুক্তি ও কার্যকর উপায় এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি রয়েছে। এখন এসব সুযোগ-সুবিধা প্রতিটি দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়াই বড় চ্যালেঞ্জ। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ও জলবায়ু উচ্চপর্যায়ের চ্যাম্পিয়নরা সম্মেলনে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনও হালনাগাদ করেছে। এতে অগ্রগতি, ঘাটতি ও বাস্তবায়নের বিভিন্ন সমাধান তুলে ধরা হয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই