শিল্পের বিদ্যুতায়ন ও দায়িত্বশীল এআইয়ে জলবায়ু মোকাবিলার নতুন অঙ্গীকার

তোফাজ্জল হোসেন, আনতালিয়া (তুরস্ক) থেকে:

জাতীয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিল্প খাতের বিদ্যুতায়ন, সবুজ শিল্পায়ন এবং দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে কপ৩১

2026-11-16T13:02:22+06:00
2026-11-16T13:03:44+06:00
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পের বিদ্যুতায়ন ও দায়িত্বশীল এআইয়ে জলবায়ু মোকাবিলার নতুন অঙ্গীকার
তোফাজ্জল হোসেন, আনতালিয়া (তুরস্ক) থেকে:
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:০২ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ১:০৩ পিএম  (ভিজিট : ১)
শিল্পের কার্বন নিঃসরণ কমাতে সবুজ শিল্পায়ন ও প্রযুক্তি ব্যবহারে নতুন উদ্যোগ; এআইয়ের পরিবেশগত প্রভাব নিয়ন্ত্রণে আনতালিয়া অঙ্গীকার

শিল্পের কার্বন নিঃসরণ কমাতে সবুজ শিল্পায়ন ও প্রযুক্তি ব্যবহারে নতুন উদ্যোগ; এআইয়ের পরিবেশগত প্রভাব নিয়ন্ত্রণে আনতালিয়া অঙ্গীকার

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিল্প খাতের বিদ্যুতায়ন, সবুজ শিল্পায়ন এবং দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে কপ৩১ সম্মেলনের সভাপতিত্বকারী তুরস্ক। এ লক্ষ্যে সোমবার (১৬ নভেম্বর) আনতালিয়ায় একগুচ্ছ নতুন উদ্যোগ ঘোষণা করা হয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে ‘আনতালিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অঙ্গীকার’, ‘এআই-সক্ষম পরিচ্ছন্ন প্রযুক্তি উদ্যোগ’ এবং ‘আনতালিয়া সবুজ শিল্পায়ন সমঝোতা’।

এসব কর্মসূচির মাধ্যমে সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। লক্ষ্য হলো প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিল্পের কার্বন নিঃসরণ কমানো, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করা।

কপ৩১ সভাপতিত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বে মোট কার্বন নিঃসরণের প্রায় এক-চতুর্থাংশ আসে শিল্প খাত থেকে। ফলে শিল্প উৎপাদনে কম কার্বননির্ভর প্রযুক্তি, বিদ্যুতায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। তবে প্রতিটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, শিল্প কাঠামো ও উন্নয়নের পর্যায় বিবেচনায় রেখে এ পরিবর্তন বাস্তবায়ন করতে হবে।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিমুখী প্রভাবের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। একদিকে এআই পরিচালনায় বিপুল বিদ্যুতের প্রয়োজন এবং তথ্যকেন্দ্রগুলোর জ্বালানি ও সম্পদ ব্যবহার বাড়ছে। অন্যদিকে বিদ্যুৎ ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়, শিল্পের কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু ঝুঁকি বিশ্লেষণে এআই কার্যকর ভূমিকা রাখতে পারে।

কপ৩১ সভাপতি মুরাত কুরুম বলেন, জলবায়ু সমাধানের অংশ হতে হবে শিল্প ও প্রযুক্তিকে। প্রতিটি দেশের নিজস্ব বাস্তবতা ও কৌশলগত সিদ্ধান্ত বিবেচনায় নিয়ে শিল্প খাতে বিদ্যুতায়ন বাড়াতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত সম্প্রসারণ যেন দায়িত্বশীলভাবে পরিচালিত হয় এবং জলবায়ু মোকাবিলায় কাজে লাগে, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রযুক্তির মূল ভূমিকা হলো শিল্প, সেবা ও সমাজের দক্ষতা বাড়ানো। কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিচ্ছন্ন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন, কৃষি ও অন্যান্য সম্পদনির্ভর খাতে জ্বালানি ও কাঁচামালের ব্যবহার একই হারে না বাড়িয়েও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখা সম্ভব।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে চার দফা অঙ্গীকার

সম্মেলনের উচ্চপর্যায়ের সবুজ ডিজিটাল কার্যক্রমবিষয়ক গোলটেবিল বৈঠকে ‘আনতালিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অঙ্গীকার’ ঘোষণা করা হয়। এটি একটি স্বেচ্ছামূলক কাঠামো, যার মাধ্যমে বিভিন্ন দেশ, কোম্পানি ও প্রতিষ্ঠান জলবায়ু সমাধানে এআই ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে পারবে।

এ অঙ্গীকারে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—পরিবেশবান্ধব উপায়ে এআই অবকাঠামো ও হার্ডওয়্যার তৈরি এবং পরিচালনা, এআইয়ের পুরো জীবনচক্রে দায়িত্বশীল নকশা ও ব্যবহার, এআই ব্যবস্থার পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও প্রতিবেদন তৈরি এবং উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোতে জলবায়ু মোকাবিলায় এআই ব্যবহারের জন্য অর্থায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি।

এ ছাড়া তথ্যকেন্দ্রে পরিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবহার, পরিবেশগত তথ্য প্রকাশ, জ্বালানিসাশ্রয়ী এআই নকশা, ই-বর্জ্য ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু প্রযুক্তিতে বিনিয়োগের বিষয়েও স্বেচ্ছামূলক প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরিন বগদান-মার্টিন বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় এআই শক্তিশালী হাতিয়ার হতে পারে। তবে এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীল হতে হবে। আনতালিয়া অঙ্গীকারের মাধ্যমে সবার উপকারে আসে এমন টেকসই ও জবাবদিহিমূলক এআই উদ্ভাবনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার হবে।

সবুজ শিল্পায়নে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর

স্বল্পোন্নত দেশগুলোর জন্য সবুজ শিল্পায়ন সহজ করতে ‘এলডিসি গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্যাসিলিটি’ বা এলডিসি-জিআইএফ কার্যক্রমও গুরুত্ব পেয়েছে। ১২ নভেম্বর উপস্থাপিত এ ব্যবস্থার আওতায় প্রকল্প তৈরি ও উন্নয়ন, উপযুক্ত প্রযুক্তি নির্বাচন ও হস্তান্তর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অর্থায়নের বিদ্যমান উৎসের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ থাকবে।

জাতিসংঘের স্বল্পোন্নত দেশবিষয়ক প্রযুক্তি ব্যাংকের সচিবালয়ের অধীনে এ ব্যবস্থা পরিচালিত হবে। এর সদর দপ্তর তুরস্কে। এদিকে কপ৩১ সভাপতিত্বের পক্ষ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং ৫০টি দেশের আন্তসরকারি ফোরাম ক্লাইমেট ক্লাব যৌথভাবে শিল্প রূপান্তরে দেশভিত্তিক প্ল্যাটফর্ম তৈরির নির্দেশিকা প্রকাশ করেছে। এর মাধ্যমে শিল্প খাতের পরিকল্পনাকে বাস্তব বিনিয়োগ ও প্রকল্পে রূপান্তর, অর্থায়ন সংগ্রহ, প্রকল্প নির্বাচন এবং অগ্রগতি পর্যবেক্ষণ সহজ হবে।

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)-এর মহাপরিচালক গের্ড মুলার বলেন, কোনো দেশকেই উন্নয়ন ও জলবায়ু কার্যক্রমের মধ্যে একটিকে বেছে নিতে বাধ্য করা উচিত নয়। সবুজ শিল্পায়ন একদিকে নিঃসরণ কমাবে, অন্যদিকে ভবিষ্যতের পরিচ্ছন্ন প্রযুক্তি শিল্প, দক্ষ কর্মী এবং মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করবে।

নগর জলবায়ু মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি

শহরাঞ্চলে জলবায়ু কার্যক্রম দ্রুত বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল টুইন এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। কপ৩১ সভাপতিত্ব, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন, ইউএন-হ্যাবিট্যাট ও জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা যৌথভাবে এ বিষয়ে উদ্যোগ নেবে।
এ উদ্যোগে সরকার, নগর কর্তৃপক্ষ, বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। লক্ষ্য স্মার্ট ও দুর্যোগসহনশীল শহর গড়ে তোলা এবং নগর ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো।

বিজ্ঞানকে আলোচনার কেন্দ্রে রাখার আহ্বান

কপ৩১ সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের সঙ্গে সঙ্গে আলোচনায় বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্তের ওপরও গুরুত্ব দিয়েছেন সম্মেলনের আলোচনাপ্রধান ক্রিস বোয়েন। তিনি বলেন, জলবায়ু আলোচনার প্রতিটি পর্যায়ে বিজ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণায় দেখা যাচ্ছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য অতিক্রম করার আশঙ্কা রয়েছে। তবে সম্মিলিত উদ্যোগ ও জরুরি পদক্ষেপের মাধ্যমে আবারও নিরাপদ তাপমাত্রার পথে ফিরে আসা সম্ভব।

বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি পর্যালোচনা, নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পরিকল্পনায় বিজ্ঞানকে কেন্দ্রীয় অবস্থানে রাখার আহ্বান জানান তিনি।

বিদ্যুতের ব্যবহার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য

কপ৩১ সভাপতিত্বের ঘোষিত ‘৩৫ বাই ৩৫’ লক্ষ্য বাস্তবায়নের সঙ্গেও এসব উদ্যোগকে যুক্ত করা হয়েছে। এ লক্ষ্যের উদ্দেশ্য হলো ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা।

সম্মেলন সংশ্লিষ্টদের মতে, শিল্পের বিদ্যুতায়ন, পরিচ্ছন্ন জ্বালানির সম্প্রসারণ, দায়িত্বশীল এআই এবং সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো গেলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়নও জোরদার হবে। আনতালিয়া থেকে কপ৩১-এর এ বার্তা স্পষ্ট—শুধু প্রতিশ্রুতি নয়, প্রযুক্তি, বিনিয়োগ, বিজ্ঞান ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু কার্যক্রমকে বাস্তব ফলাফলে রূপ দিতে হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ