জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ও জলবায়ু অর্থায়নে বড় ধরনের অগ্রগতির মধ্য দিয়ে শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রথম সপ্তাহ। সম্মেলনে তুরস্কের সঙ্গে বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগীদের ২৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সবুজ বিনিয়োগ অংশীদারত্ব গড়ে উঠেছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে জলবায়ু অর্থায়নে ১০ বিলিয়ন ডলার সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছে নরওয়ে, কানাডা ও যুক্তরাজ্য।
গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া এ সম্মেলনের প্রথম সপ্তাহ শেষে আয়োজক দেশ তুরস্কের প্রেসিডেন্সি এসব তথ্য জানিয়েছে। আয়োজকদের হিসাবে, সম্মেলনে বিশ্বের শতাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিয়েছেন। নিবন্ধিত অংশগ্রহণকারীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
প্রথম সপ্তাহের সমাপনী সংবাদ সম্মেলনে কপ-৩১-এর প্রেসিডেন্ট ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বলেন, প্রথম পাঁচ দিনে বিশ্বনেতাদের একত্র করা, অভিজ্ঞতা বিনিময়, আলোচনায় অগ্রগতি এবং নতুন অংশীদারত্ব তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এসব উদ্যোগকে মানবজাতির ভবিষ্যতের জন্য স্থায়ী অর্জনে রূপ দিতে চায় তুরস্ক।
তিনি বলেন, খাদ্য, কৃষি ও স্বাস্থ্যবিষয়ক আলোচনা দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরপর জ্বালানি ও পরিবহন, পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর, টেকসই নগরায়ণ, সবুজ শিল্পায়ন, বাণিজ্য ও জলবায়ু অর্থায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে।
তুরস্কে ২৬ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ
কপ-৩১-এর প্রথম সপ্তাহে সবচেয়ে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতির মধ্যে রয়েছে তুরস্কে ২৬ বিলিয়ন ডলারের বেশি সবুজ বিনিয়োগ অংশীদারত্ব। তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ১৫ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।
ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (ইবিআরডি) রিঅ্যাক্ট (REACT) উদ্যোগে যুক্ত হয়েছে এবং আগামী পাঁচ বছরে তুরস্কে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। এ ছাড়া উন্নয়ন ব্যাংকগুলোর সঙ্গে ৫ দশমিক ১ বিলিয়ন ডলারের চুক্তি করেছে তুরস্ক।
জলবায়ু অর্থায়নে ১০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সহায়তায় অর্থায়নের প্রতিশ্রুতিও বেড়েছে। নরওয়ে, কানাডা ও যুক্তরাজ্য ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নে সংগ্রহের অঙ্গীকার করেছে।
এশীয় উন্নয়ন ব্যাংক, গ্রিন ক্লাইমেট ফান্ড এবং কুক আইল্যান্ডস ও পালাউ সরকার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দ্বীপ জনগোষ্ঠীকে সহায়তায় এক বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহের কর্মসূচি চালু করেছে।
মিথেন ও অন্যান্য অতিমাত্রায় ক্ষতিকর দূষণকারী গ্যাস নিয়ন্ত্রণে বিভিন্ন দাতব্য সংস্থা ৪৮০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সুপার পলিউট্যান্ট কান্ট্রি অ্যাকশন অ্যাকসেলারেটর কর্মসূচির জন্য আরও ২৫ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা এসেছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) ৭০ মিলিয়ন ডলারের বন্ড চালুর ঘোষণা দিয়েছে।
বিদ্যুৎনির্ভর ভবিষ্যতের পথে বিশ্ব
কপ-৩১ প্রেসিডেন্সির অন্যতম অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে বিদ্যুতায়ন। পরিচ্ছন্ন জ্বালানি, বিদ্যুৎ অবকাঠামো, গ্রিড, জ্বালানি সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থায় বিদ্যুতের ব্যবহার বাড়াতে বৈশ্বিক উদ্যোগ নেওয়া হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মিলিতভাবে বছরে ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলার আয় করে—এমন ১৮০টি প্রতিষ্ঠান বিদ্যুতায়ন উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। ৪ কোটি ৫০ লাখ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক চেম্বার অব কমার্সও ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন সম্প্রসারণের ৩৫-বাই-৩৫ অঙ্গীকারে সমর্থন দিয়েছে।
বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের জোট তাদের বার্ষিক বিনিয়োগ পরিকল্পনা বাড়িয়ে অন্তত ১৫৬ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এর ফলে ২০৩০ সালের মধ্যে জ্বালানি রূপান্তরে এক ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এ ছাড়া ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস পরিচ্ছন্ন বিদ্যুৎ, গ্রিড, জ্বালানি সংরক্ষণ ও বিদ্যুতায়নে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
৪ হাজার ব্যবসায়ীর অংশগ্রহণ
কপ সম্মেলনের ইতিহাসে অন্যতম বৃহৎ ব্যবসায়িক আয়োজন হিসেবে আন্তালিয়ায় অনুষ্ঠিত হয়েছে টিওবিবি বিজনেস ফোরাম। এতে প্রায় চার হাজার ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। বিদ্যুতায়ন, নগর উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জলবায়ু অর্থায়ন ছিল আলোচনার প্রধান বিষয়।
এদিকে কপ-৩১ প্রেসিডেন্সি জলবায়ু বাস্তবায়ন সেতু (ব্রিজ), টেকসই নগর সহনশীলতা অর্থায়ন সুবিধা (সার্ফ) এবং ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মসহ বেশ কয়েকটি উদ্যোগ চালু করেছে। স্বাস্থ্য, কৃষি, সবুজ শিল্পায়ন এবং শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণ নিয়েও নতুন কর্মসূচি নেওয়া হয়েছে।
দ্বিতীয় সপ্তাহে কঠিন আলোচনা
প্রথম সপ্তাহে বিনিয়োগ ও অংশীদারত্বে অগ্রগতি এলেও সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে জলবায়ু বিষয়ে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ। কপ-৩১-এর আলোচনা-সংক্রান্ত প্রেসিডেন্ট ও অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন জানিয়েছেন, আলোচনার টেবিলে ১০০টির বেশি এজেন্ডা এবং প্রায় ৬০টি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট রয়েছে। অভিযোজন, জলবায়ু অর্থায়ন, ন্যায্য রূপান্তর, নির্গমন হ্রাস, বিজ্ঞান, স্বচ্ছতা ও বাস্তবায়ন—এসব বিষয় আলোচনার কেন্দ্রে রয়েছে।
তিনি বলেন, আলোচনায় বিভিন্ন পক্ষ গঠনমূলক ভূমিকা রাখছে। তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনো সমঝোতা বাকি রয়েছে। আগামী সপ্তাহে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ের আলোচনার মাধ্যমে শুক্রবারের মধ্যে সফল সিদ্ধান্তে পৌঁছানোর পথ তৈরি করতে হবে।
কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, প্রথম দিন থেকেই সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে সম্মেলনের এজেন্ডা গ্রহণ করা সম্ভব হয়েছে। এখন মন্ত্রী পর্যায়ের আলোচনা আরও জোরদার করে দেশগুলোর প্রস্তাবকে অভিন্ন সিদ্ধান্তে রূপ দেওয়ার চেষ্টা চলছে।
তিনি জানান, তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল ইতোমধ্যে তিন দফা পরামর্শ বৈঠক করেছে। অংশগ্রহণকারী দেশগুলোর মতামতের ভিত্তিতে একটি প্রাথমিক মূল্যায়ন নথিও তৈরি হয়েছে। আগামী সপ্তাহে প্রেসিডেন্সি-উদ্যোগে নেওয়া সিদ্ধান্তের খসড়া প্রকাশের পরিকল্পনা রয়েছে।
বিশ্ব জলবায়ু রাজনীতির এই গুরুত্বপূর্ণ সম্মেলনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—বিনিয়োগ ও অর্থায়নের ঘোষণাগুলো কতটা কার্যকর সিদ্ধান্তে পরিণত হবে এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো বাস্তবে কতটা উপকৃত হবে। ২০ নভেম্বর সম্মেলন শেষ হওয়ার আগে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আন্তালিয়ার দিকে।
ডেল্টা টাইমস/সিআর/এমই