শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে

2026-11-16T11:54:33+06:00
2026-11-16T11:54:33+06:00
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম   (ভিজিট : ০)

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বিষয়টি বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে ওয়াশিংটন কাজ চালিয়ে যেতে চায় বলেও জানিয়েছেন তিনি।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

এর আগে গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। এর প্রায় চার মাস পর গত সপ্তাহে রয়টার্সের আরেক প্রতিবেদনে তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার তথ্য প্রকাশিত হয়।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শুরু থেকেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে তাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে ঢাকা।

অন্যদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে একাধিকবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে তারা আইনি প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরেছে।

এ অবস্থায় শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের জনগণের। ই-মেইলে পাঠানো জবাবে তিনি আরও বলেন, বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র, যাতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়া যায়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ