জিদানের অধীনে প্রথম হার, ৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারালো ইতালি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৫৪ এএম (ভিজিট : ০)

জিনেদিন জিদানের অধীনে প্রথম পরাজয়ের স্বাদ পেলো ফ্রান্স। উয়েফা নেশন্স লিগে ইতালির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে ফরাসিরা।
হারলেও সান সিরোতে ম্যাচের শুরুটা ছিল ফ্রান্সেরই। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার ভুল পাস থেকে বল পেয়ে যান মাইকেল ওলিসে। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে ১০ মিনিটে বল জালে পাঠান তিনি।
তবে রবার্তো মানচিনির দল দ্রুতই ম্যাচে সমতা ফিরিয়ে আনে। ২৬ মিনিটে নিকোলো কাম্বিয়াগির পাস থেকে কাছের পোস্টে দারুণ ফিনিশিংয়ে গোল করেন পিও এস্পোসিতো।
এরপর পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি ইতালি। সেবাস্তিয়ানো এস্পোসিতোর নেওয়া স্পট কিক আটকে যায়। তবে বিরতির পর ৬৩ মিনিটে ফেদেরিকো দিমার্কোর পাস থেকে জোরালো শটে ইতালিকে এগিয়ে দেন ডেভিডে ফ্রাত্তেসি।
আজ্জুরিরা আরেকটি পেনাল্টি পায়। এবার স্পট কিক থেকে গোল করে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন পিও এস্পোসিতো। ইন্টার মিলানের ২১ বছর বয়সী এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে প্রথম ১৪ ম্যাচেই করেছেন ৯ গোল।
এই জয়ে ১৯৬২ সালের পর প্রথমবার ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি।
বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হন সাবেক ফরাসি অধিনায়ক ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদান। তার অধীনে আগের চার ম্যাচে তিন জয় ও এক ড্র পেয়েছিল ফ্রান্স। এবারই প্রথম হারের মুখ দেখলো দলটি।
এই জয়ে গ্রুপ ‘এ১’-এর শীর্ষে উঠে এসেছে ইতালি। মুখোমুখি লড়াইয়ের ফলাফলে এগিয়ে থাকায় সমান ১০ পয়েন্ট নিয়েও ফ্রান্সকে পেছনে ফেলেছে তারা। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে বেলজিয়াম। এর আগে তুরস্কের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে দলটি।
গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। রোববার শেষ রাউন্ডের ম্যাচে ইতালির মুখোমুখি হবে বেলজিয়াম। অন্যদিকে তুরস্ককে আতিথ্য দেবে ফ্রান্স।
ডেল্টা টাইমস/সিআর/এমই