প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম (ভিজিট : ০)

গাজীপুরে ২৪ ঘণ্টায় ৩টি বাসসহ একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে জেলার জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকায় একটি বাসে, সোমবার রাত ১১টার দিকে জেলার চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে, একই দিন সন্ধ্যা ৭টা ও ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাখা আজমেরী পরিবহনের যাত্রীবাহী দুইটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
স্থানীয়দের বরাতে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ের রাস্তার পাশে একটি বাস দাঁড় করানো ছিল। বাসটিতে কারখানার শ্রমিক আনা-নেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছিল। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে কে বা কারা ওই বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মঙ্গলবার ভোরে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিয়ে থাকতে পারে। স্থানীয়দের কাছ থেকে তথ্য উদঘাটন করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারিকুল ইসলাম জানান, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে জেলার চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানের সামনের অংশ থেকে আগুন ও কালো ধোঁয়া উড়তে দেখেন পথচারীরা। এসময় লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচল করে আজমেরী পরিবহনের বাস। সজল মিয়া নামের এক ব্যবসায়ীর দুইটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। একই এলাকায় কাজলী ফিলিং স্টেশনের পাশে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একই মালিকের দুইটি বাস দুই থেকে তিনমাস ধরে ফেলে রাখা হয়েছে। বাস দুইটিতে ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মালামাল ছিল না। এছাড়াও রাতে কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই বাস দুইটি ও কভার্ডভ্যানে আগুন দিয়েছে। দুর্বৃত্তদের শনাক্তে কাজ করা হচ্ছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই