প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ ১১ জেলায় ১ হাজার ৭৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১০৬ সদস্যকে গ্রেফতার করা হয়।
রোববার (৮ নভেম্বর) থেকে সোমবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযানে ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে কারাদণ্ড এবং ৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ১৬ হাজার ২৮ পিস ইয়াবা, ৬০ লিটার চোলাই মদ, ৩২ কেজি ৪০ গ্রাম গাঁজা, ছয় বোতল বিদেশি মদ, ১২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩২টি মাদক মামলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত মামলায় ৯৫ জন, পূর্ববর্তী মামলায় ১৪৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পরোয়ানামূলে ১৩১ জন, সাজা পরোয়ানামূলে ৩৩ জন, মাদক মামলায় ৭৭ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১০৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ২৭, কক্সবাজারে দুই, কুমিল্লায় ২৮, ব্রাহ্মণবাড়িয়ায় চার, চাঁদপুরে ৩৪, নোয়াখালীতে তিন, লক্ষ্মীপুরে তিন, রাঙামাটিতে একজন এবং খাগড়াছড়িতে চারজন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৪৮৯ জনকে। তাদের মধ্যে ৩১৩ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক আটকের হিসাবে চট্টগ্রামে ৭৯, কক্সবাজারে ২২, কুমিল্লায় ২১২, ব্রাহ্মণবাড়িয়ায় ২৮, চাঁদপুরে ২০, নোয়াখালীতে ২৬, ফেনীতে ছয়, লক্ষ্মীপুরে ৫৮, রাঙামাটিতে ১২, খাগড়াছড়িতে ১১ এবং বান্দরবানে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।