প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:২২ পিএম (ভিজিট : ০)

দুই সন্তানকে হারিয়ে নিঃসন্তান হয়ে পড়েছেন মোহাম্মদ কবীর ও আমেনা বেগম দম্পতি
নিয়তির নির্মম পরিহাসে মাত্র তিন দিনের ব্যবধানে দুই ছেলে সন্তানকে হারিয়ে নিঃসন্তান হয়ে পড়েছেন মোহাম্মদ কবীর ও আমেনা বেগম দম্পতি। এক ছেলেকে দাফন করে বাড়ি ফেরার পর, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ১০ মাস বয়সী ছোট ছেলে আবু বক্করও মারা গেছে। বড় ছেলের শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলের এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে এখন চলছে মাতম।
হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (৬ নভেম্বর) মারা যায় তাদের ১০ বছর বয়সী বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত। রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর।
দুই সন্তানকে বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন কবীর। শেষ পর্যন্ত কোনো সন্তানকেই বাঁচাতে পারেননি। ছোট ছেলের মৃত্যুর পর কান্নাজড়িত কণ্ঠে কবীর বলেন, ‘আমার ছোট ছেলেটাও চলে গেল। এখন আর বেঁচে থেকে কী হবে? আমার ঘরটা একেবারে খালি হয়ে গেল।’
প্রায় ১৮ থেকে ২০ দিন আগে বড় ছেলে আরাফাতের সাধারণ জ্বর, বমি ও কাশি দিয়ে শুরু হয়েছিল বাবা মোহাম্মদ কবীরের দুঃসহ দিনগুলো। প্রথমে তাকে সাউদার্ন হাসপাতালে ভর্তি করেন তিনি। সেখানে চারদিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে নেওয়া হয় মেরিন সিটি হাসপাতালে। সেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসা চলে।
পরে আরাফাতকে ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও চার দিন আইসিইউতে চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মারা যায় আরাফাত। ওই দিনই নগরের মোমেনবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়।
একই সময়ে ছোট ছেলে আবু বক্করের চিকিৎসা নিয়েও শুরু হয় দৌড়ঝাঁপ। বড় ভাইয়ের মতো সেও হামের উপসর্গ, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। তিনটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা শেষে তাকেও চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
গত শনিবার সকালে অবস্থার অবনতি হলে আবু বক্করকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোববার দিবাগত রাতে মারা যায় শিশুটি।
এর আগে রোববার ছোট ছেলের সংকটাপন্ন অবস্থার কথা জানিয়ে কবীর বলেছিলেন, এক ছেলেকে দাফন করে ফিরেছি। অন্যজনকে হারানোর চিন্তা আমি সহ্য করতে পারছি না।
চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের (পিআইসিইউ) প্রধান ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দিদারুল আলম জানিয়েছিলেন, দুই শিশুকেই হাসপাতালে আনা হয়েছিল অত্যন্ত সংকটজনক অবস্থায়। আবু বক্কর ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে জটিলতায় ভুগছিল।
তিনি বলেন, একইসঙ্গে ডেঙ্গু ও হামে আক্রান্ত হলে শিশুর শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা ব্যাহত হতে পারে। আবু বক্করের ক্ষেত্রেও এমন জটিলতা দেখা দিয়েছিল।
নগরের হিলভিউ এলাকার রোড নম্বর ১ এর একটি ভাড়া বাসায় স্ত্রী আমেনা বেগমকে নিয়ে থাকেন কবীর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য খালাসের কাজ করেন তিনি। দুই সন্তানের চিকিৎসায় আড়াই থেকে তিন লাখ টাকার বেশি খরচ হয়েছে বলে জানান কবীর।
বড় ছেলে আরাফাত পাঁচলাইশের হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ছেলেকে ঘিরেই ছিল কবীর ও আমেনার সব স্বপ্ন। কিন্তু কয়েক দিনের অসুস্থতায় সেই স্বপ্ন এখন শুধুই স্মৃতি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২১ জন নারী ও ১১ জন শিশু।
ডেল্টা টাইমস/সিআর/এমই