সমবায়ে সাফল্যের স্বীকৃতি: রায়গঞ্জে পুরস্কার পেল তিন সমিতি ও এক সমবায়ী
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম (ভিজিট : ০)

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বাবলম্বী সমাজ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পাওয়া তিনটি সমবায় সমিতি ও একজন সফল সমবায়ীর অর্জন তুলে ধরা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে "করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামসহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতা-কর্মী ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রায়গঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ক্যাটাগরিতে প্রথম হয়েছে গুডনেইবারস রায়গঞ্জ মহিলা সমবায় সমিতি লিমিটেড। দ্বিতীয় হয়েছে গুডনেইবারস নলকা মহিলা সমবায় সমিতি লিমিটেড এবং তৃতীয় চান্দাইকোনা বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
মহিলা সমবায় ক্যাটাগরিতে সফল সমবায়ী হিসেবে স্বীকৃতি পেয়েছেন চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. শহিদুল ইসলাম। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ৪১৬ নম্বর নিবন্ধনে সমিতিটি নিবন্ধিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, সম্মিলিত প্রচেষ্টায় মানুষের জীবনমান উন্নয়নের কার্যকর মাধ্যমও। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী সমাজ গড়া সম্ভব। এ লক্ষ্যে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার আহ্বান জানান তাঁরা।