সাত কলেজের কর্মচারীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যুক্তসহ ৪ দফা দাবি

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

রাজধানীর সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্তীকরণসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

2026-11-09T13:09:24+06:00
2026-11-09T13:09:24+06:00
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সাত কলেজের কর্মচারীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যুক্তসহ ৪ দফা দাবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ৮)

রাজধানীর সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্তীকরণসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কর্মচারী নেতারা দাবি করে বলেন, সাত কলেজের বেসরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হলে কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।

মানববন্ধনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলনের আহ্বায়ক মো. দুলাল সর্দার বলেন, সরকারি কলেজে কর্মরত হয়েও আমাদের বেসরকারি কর্মচারী হিসেবে কাজ করতে হচ্ছে। অথচ কলেজের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম সচল রাখা, পরীক্ষার বিভিন্ন দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ কাজগুলোতে বেসরকারি কর্মচারীরাই প্রধান ভূমিকা পালন করছেন। শিক্ষকদের পাশাপাশি কলেজের ভালো ফলাফল ও সুনামের পেছনেও আমাদের অবদান রয়েছে। 

তিনি বলেন, বর্তমানে একজন বেসরকারি কর্মচারী মাসে মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পান। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এত সামান্য বেতন দিয়ে নিজের পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। আমাদের সেবা নিয়ে এই কলেজ থেকে অনেক চিকিৎসক, প্রকৌশলী, মন্ত্রী ও সচিব তৈরি হয়েছেন। অথচ আমাদের পরিবারগুলোর জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। তা সম্ভব না হলে ঘোষিত পে-স্কেলের আওতায় বেতন-ভাতা নিশ্চিত করতে হবে। অন্যথায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাত কলেজের সব বেসরকারি কর্মচারীকে অন্তর্ভুক্ত করে চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আত্মীকরণ কিংবা জাতীয়করণ-যেভাবেই হোক, আমাদের বাঁচার মতো একটি ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ সরকারের কাছে ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- 

১. সরকারি ৭ (সাত) কলেজের সকল কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করতে হবে। 

২. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কাঠামোর আওতায় অন্তর্ভুক্তিকরণ করতে হবে। 

৩. রাজস্বখাতে না নেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতনভাতাদি দিতে হবে। 

৪. কর্মরত সাত কলেজের সব কর্মচারীদের ছাটাই বন্ধ করতে হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ