ই-রিকশা বিধিমালা সংশোধনসহ ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচল বিধিমালা-২০২৬ সংশোধনসহ ৯ দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম

2026-11-03T12:58:58+06:00
2026-11-03T12:58:58+06:00
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ই-রিকশা বিধিমালা সংশোধনসহ ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : ১৪)

ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচল বিধিমালা-২০২৬ সংশোধনসহ ৯ দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।  বিদ্যমান যানবাহন উচ্ছেদের হাতিয়ার হিসেবে বিধিমালা ব্যবহার না করে চালক-মালিকদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

লিখিত বক্তব্যে বলা হয়, দেশে ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে প্রায় ৩ কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত। দীর্ঘ ১৩ বছরের আন্দোলনের পর সরকার বিধিমালা প্রণয়ন করায় সংগ্রাম পরিষদ প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছে। তবে বিধিমালায় বেশ কিছু অসংগতি রয়েছে। এগুলো সংশোধন না হলে চালক ও মালিকদের মধ্যে উদ্বেগ এবং হয়রানি বাড়তে পারে।

সংগঠনটির ৯ দফা দাবির মধ্যে রয়েছে— বিদ্যমান রিকশার কাঠামো পরিবর্তনে কমপক্ষে দুই বছর সময় দেওয়া, চালকদের লাইসেন্স প্রক্রিয়া বিধিমালায় অন্তর্ভুক্ত করা, নিবন্ধন ও নবায়ন ফি কমানো, ই-রিকশার সংখ্যা নির্ধারণে চালকসহ সব অংশীজনকে যুক্ত করা এবং মহাসড়কের পাশে তিন চাকার যানবাহনের জন্য সাইডলেন চালুর নির্দেশনা রাখা।

এ ছাড়া সৌরবিদ্যুৎ ও বিমার বাধ্যবাধকতা বাতিল, লাইসেন্স, ফিটনেস ও উৎপাদন অনুমোদন প্রক্রিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যুক্ত করা, সিটি করপোরেশনের বাইরের এলাকাকেও বিধিমালার আওতায় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা এবং নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিধিমালায় দুই আসনের ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, চার আসনের ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার এবং নবায়ন ফি ৫ হাজার টাকা। এসব ফি অত্যন্ত বেশি উল্লেখ করে অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা পুনর্নির্ধারণের দাবি জানানো হয়।

সংগঠনটির অভিযোগ, বিধিমালার দুর্বলতা সংশোধন না করে নিবন্ধন কার্যক্রম শুরু করা হলে অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। এ কারণে চালক-মালিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের দাবি জানিয়েছে তারা।

৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১১ নভেম্বর দেশের ১৩টি সিটি করপোরেশনে সমাবেশ করবে সংগ্রাম পরিষদ। একই সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকারমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ