জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতে নির্ভরতা বাড়াচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা

2026-11-03T12:14:36+06:00
2026-11-03T12:14:36+06:00
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতে নির্ভরতা বাড়াচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ০)
সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন ও বিনিয়োগ ত্বরান্বিত করতে বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ-২০২৬ জারি করা হয়েছে। পাশাপাশি ২০২৬-৩০ মেয়াদে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র গ্রহণ এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উদ্বৃত্ত ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সায় কেনার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এসময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে সরকার যতটা সম্ভব সৌরবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ-চীন সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এ প্রধানমন্ত্রী উপস্থিত থেকে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরেছেন।

জাহেদ উর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের লক্ষ্যে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কেনার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, বেসরকারি খাতকে উৎসাহিত করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব মূলধন ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরিচালন ব্যয়ভিত্তিক (অপারেশনাল এক্সপেন্ডিচার) মডেলকে উৎসাহিত করছে সরকার।

এবারের সোলার এক্সপোরের প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে আয়ও করতে পারবেন গ্রাহকরা। ভবিষ্যতে জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকে নিজেদের বিদ্যুতের চাহিদা মেটাতেও সৌরবিদ্যুতের ওপর নির্ভর করতে পারেন।

তিনি বলেন, এক্সপোতে বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেখান থেকে পাওয়া দিকনির্দেশনার ভিত্তিতে সরকার পরবর্তী নীতিগত সিদ্ধান্ত নেবে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে।

মেট্রোরেলের চার প্যাকেজে চুক্তি

রাজধানীর যানজট নিরসন, যাতায়াতের সময় কমানো এবং আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। এ লক্ষ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতাধীন এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫-এর চারটি গুরুত্বপূর্ণ নির্মাণ প্যাকেজে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান জাহেদ উর রহমান।

দেশে পৌঁছেছে ১৮ ব্রডগেজ কোচ

দেশের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিভিন্ন ধরনের কোচ আমদানির কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে ১৮টি ব্রডগেজ কোচ দেশে পৌঁছেছে। বাকি কোচগুলোও দ্রুত দেশে পৌঁছাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভোক্তা-অধিদপ্তরের জরিমানা ১.৭৭ কোটি


নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তার অধিকার সুরক্ষায় গত অক্টোবর মাসে দেশব্যাপী ৯৯৩টি বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অভিযানে মোট ১ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা, অবৈধ জাল উদ্ধার এবং এ-সংক্রান্ত মামলা পরিচালনাসহ নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

রূপপুরে স্টার্টআপের তৃতীয় ধাপ শুরু

সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, গত ২৯ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পাওয়ার স্টার্টআপের তৃতীয় ধাপ শুরু হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ধাপে ধাপে প্রথম ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হলে দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বড় ধরনের সহায়তা পাওয়া যাবে।

তিনি বলেন, পাওয়ার স্টার্টআপের তৃতীয় ধাপ শুরু করার আগে প্রয়োজনীয় অনুমোদন ও কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সব ধরনের প্রক্রিয়া ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেই এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

শ্রমিকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান

পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন। তবে এ আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের মূল দাবি ছিল মজুরি বোর্ড গঠন। এখন বোর্ডের মাধ্যমে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রকৃত শ্রমিকরা সরকারের এ পদক্ষেপকে সম্মান জানিয়ে আন্দোলন থেকে সরে আসবেন। মজুরি বোর্ড গঠিত হওয়ায় এখন তাদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে যাবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ