আজ জেলহত্যা দিবস

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

আজ (৩ নভেম্বর) জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের

2026-11-03T10:47:02+06:00
2026-11-03T10:47:02+06:00
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

আজ জেলহত্যা দিবস
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ এএম   (ভিজিট : ১১)

আজ (৩ নভেম্বর) জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।

বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর একটি শোকাবহ দিন। রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় কারাগারের মতো সুরক্ষিত স্থানে চার জাতীয় নেতাকে হত্যার ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত তৈরি করে।

মুক্তিযুদ্ধে এই চার নেতা অনন্য ও ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। ‍যুদ্ধ চলাকালীন সময়ে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থমন্ত্রী এবং এ এইচ এম কামারুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পরও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা।

 ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর এই চার নেতাকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর একই বছরের ৩ নভেম্বর মধ্যরাতে কারাগারের ভেতরে থাকা অবস্থায় গুলি চালিয়ে হত্যা করা হয় তাদের। গুলি চালানোর পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছিল তাদের গুলিবিদ্ধ দেহকে। পরদিন তাদের হত্যার খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়।

২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত জেল হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২০ জন আসামির মধ্যে ১৫ জন সাবেক সেনা কর্মকর্তার শাস্তি এবং অন্য পাঁচ জনকে খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে পলাতক তিনজনের মৃত্যুদণ্ড এবং অন্য ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

প্রতি বছর ৩ নভেম্বর জাতীয় এই চার নেতার স্মরণে জেল হত্যা দিবস পালন করা হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ