প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটি বলেছে, সংবাদপত্র ছিঁড়ে ফেলা শুধু একটি পত্রিকার প্রতি অবজ্ঞা নয়, বরং মুক্ত সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চরম অবমাননা।
রোববার (১ নভেম্বর) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা কোনোভাবেই দায়িত্বশীল রাজনৈতিক আচরণ হতে পারে না। কোনো সংবাদ বা প্রতিবেদনে ভুল থাকলে কিংবা কোনো বক্তব্যে আপত্তি থাকলে প্রতিবাদ জানানোর পাশাপাশি আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। মতের অমিলের জবাব হতে হবে যুক্তি ও তথ্য দিয়ে, সংবাদপত্র ছিঁড়ে নয়।
তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সেই দর্পণে প্রতিফলিত কোনো বিষয় অপছন্দ হলেই তা ভেঙে ফেলার মানসিকতা গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। সংবাদমাধ্যমের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে সমালোচনার নামে সংবাদপত্রের প্রতি অবমাননাকর আচরণ গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সংকুচিত করার আশঙ্কা তৈরি করে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে আরও দায়িত্বশীল, সংযত ও গণতান্ত্রিক আচরণ প্রত্যাশিত। এ ধরনের কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলতে পারে। রাজনৈতিক পদ বা ক্ষমতার অবস্থান কাউকে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদার প্রতি অবজ্ঞা প্রদর্শনের অধিকার দেয় না।
ডিআরইউ নেতারা বলেন, দৈনিক আমার দেশ পত্রিকায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীসহ বিভিন্ন মতের সাংবাদিক কাজ করেন। তাদের রাজনৈতিক বিশ্বাস বা পেশাগত অবস্থান যা-ই হোক, সাংবাদিক হিসেবে তাদের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে হবে। কোনো সংবাদে আপত্তি থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবাদ জানানোই গণতান্ত্রিক পথ। সংবাদপত্রের প্রতি অবমাননাকর আচরণের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা এবং অবাধ মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।