প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
স্তন ক্যান্সার কমাতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে ক্যান্সার ভালো হয়। এ জন্য যথাসময়ে চিকিৎসা নিতে হবে এবং সচেতন হতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে অক্টোবর মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও দিনাজপুর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল যৌথভাবে অধিবেশনের আয়োজন করে।
মন্ত্রী বলেন, “দিনাজপুরের মতো সারা দেশে ৫০৩টি উপজেলায় প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করলে অনেক রোগী ক্যান্সার থেকে মুক্তি পাবেন।” এ ক্ষেত্রে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ সংশ্লিষ্ট সবাইকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সামাজিক সমস্যা সমাধানে সমাজের সবাইকে সম্পৃক্ত করার ওপর জোর দেন।
জাহিদ হোসেন আরও বলেন, আগামী তিন-চার মাসের মধ্যে দিনাজপুর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালে ১০ শয্যার কার্যক্রম চালু করা হবে। সুস্থ থাকতে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আমাদের গতিতে ফিরে যেতে হবে।”
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. গোলাম রাসেল রাখি, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী, ডাক্তারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ডা. হাফিজুল ইসলাম ও সদস্যসচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া।