প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:১৫ পিএম (ভিজিট : ০)

ডেঙ্গু প্রতিরোধ ও নগর পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুর সিটি করপোরেশনের আয়োজনে ‘সাইকেল র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে রংপুর জিলা স্কুল মোড়ে এই র্যালির উদ্বোধন করা হয়।
র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ সচেতন নাগরিকেরা সাইকেল নিয়ে অংশ নেন। এটি জিলা স্কুল মোড় থেকে সিটি বাজার মোড়, পায়রা চত্বর ও প্রেসক্লাব চত্বর হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধনের পূর্বে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষকে বিভিন্নভাবে সচেতন করার অংশ হিসেবে এ সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ পুরোপুরি সম্ভব নয়। আমরা সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও স্প্রেকরণসহ নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
এ সময় ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধিতে তরুণদেরসহ সামাজিক সংগঠন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
র্যালিতে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, নগর পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তর ও নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকেল্পর কর্মকর্তারা অংশ নেন।
সাইকেল র্যালি থেকে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার বিভিন্ন বার্তা তুলে ধরে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
ডেল্টা টাইমস/সিআর/এমই