প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তাকে পর্যটনের সঙ্গী করার বার্তা নিয়ে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্যের এই মেলা আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে। আয়োজন করছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
মেলার রূপরেখা তুলে ধরতে মঙ্গলবার (২৭ অক্টোবর) প্লাজা ঢাকা এয়ারপোর্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।
আয়োজকেরা জানান, টানা ১৩ বার আয়োজনের পর এটি মেলার ১৪তম আসর। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের বিকাশ, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার এবং বৈশ্বিক সংযোগ জোরদার করাই এবারের আয়োজনের লক্ষ্য।
মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ ২০টিরও বেশি দেশের পর্যটন প্রতিনিধি ও সংস্থা অংশ নেবে। এবার মেলার টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইন্স।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। এতে ২২০টির বেশি প্রদর্শক, ২৫০ জনের বেশি যোগ্য ক্রেতা (কোয়ালিফাইড বায়ার), আড়াই হাজারের বেশি ট্রেড ভিজিটর এবং ৬০ হাজারের বেশি দর্শনার্থীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টিরও বেশি এয়ারলাইনস, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ হানিফ বলেন, “গত ১৩টি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ আজ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই মেলা দেশীয় পর্যটনকে বিশ্বমঞ্চে উপস্থাপনের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে বিটুবি নেটওয়ার্কিং ও নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
অন্যান্য সহযোগীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এয়ারলাইনস পার্টনার, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট প্ল্যাটিনাম হসপিটালিটি পার্টনার, সেবার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) পার্টনার, ওপাস কমিউনিকেশনস লিমিটেড পিআর পার্টনার, এম৩৬০আইসিটি টেকনোলজি পার্টনার, কনভয় সার্ভিস ট্রান্সপোর্ট পার্টনার এবং মায়েস্ট্রো ডিজিটাল পার্টনার। অডিও ভিজ্যুয়াল পার্টনার হিসেবে আছে প্যানোরমা পিসি ক্রিয়েটরস ও রুচি। ভেন্যু পার্টনার বিসিএফসিসি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টোয়াবের সাবেক সভাপতি ও প্রধান মেলা সমন্বয়কারী মো. রাফেউজ্জামান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পিআর) কামরুল ইসলাম, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার, টোয়াবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাফত উদ্দিন আহমেদ, বিসিএফসিসির হেড অব সেলস রহমত আলী, টোয়াবের পরিচালক (মিডিয়া ও পিআর) মো. মিজানুর রহমান, পরিচালক (বাণিজ্য ও মেলা) আবুল বাসেত বাবু, সাবেক মেলা পরিচালক রেজাউল ইকরাম রেজা এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান।
বাংলাদেশের পর্যটন খাতকে বিশ্বের সামনে তুলে ধরা এবং বৈশ্বিক অংশীজনদের এই খাতের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে টোয়াব নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।