কন্যাশিশুর শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে ৫ আদর্শ পিতাকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী

কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত ও বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে ৫ জন আদর্শ পিতাকে সম্মাননা দিয়েছে

2026-10-26T17:31:21+06:00
2026-10-26T17:39:48+06:00
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কন্যাশিশুর শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে ৫ আদর্শ পিতাকে সম্মাননা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৩১ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৫:৩৯ পিএম  (ভিজিট : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত ও বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে ৫ জন আদর্শ পিতাকে সম্মাননা দিয়েছে গুড নেইবারস বাংলাদেশ। আজ সোমবার রাজধানীতে সংস্থাটির প্রধান কার্যালয়ে ‘ন্যাশনাল গুড ড্যাডি ক্যাম্পেইন ২০২৬’-এ তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।


‘মেয়েদের পাশে পিতারা: শিক্ষায় হ্যাঁ, বাল্যবিবাহে না’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড বার্টিন গোমেজ। বক্তব্য দেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক ইফাত আরা পারভীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি ও চাইল্ড প্রোটেকশন বিভাগের ন্যাশনাল কো-অর্ডিনেটর জামাল উদ্দিন, ফুড ফর দ্য হাংরি বাংলাদেশের প্রোডাক্টিভ লার্নিং স্পেশালিস্ট নুসরাত বিনতে হায়দার প্রমুখ।


সভাপতির বক্তব্যে বার্টিন গোমেজ বলেন, মেয়েদের স্বপ্নপূরণে বাবাদের আন্তরিক সহযোগিতা, সচেতন সিদ্ধান্ত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যাশিশুর শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং তার নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


অনুষ্ঠানে সংস্থাটির হেড অব প্রোগ্রাম আনন্দ কুমার দাস গুড ড্যাডি অ্যাওয়ার্ড ঘোষণা করেন। বিভিন্ন কমিউনিটির নির্বাচিত পিতা ও তাঁদের কন্যারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। দিনব্যাপী কর্মসূচিতে ছিল গুড ড্যাডি ক্যাম্পেইনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময়, বাল্যবিবাহ প্রতিরোধে শপথ পাঠ ও পুরস্কার বিতরণ। শেষ পর্বে কন্যাশিশুদের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে অংশ নেওয়া পিতারা কন্যাদের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি তাঁরা কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানো, ইতিবাচক অভিভাবকত্বের চর্চা সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ জোরদার করতে ‘গুড ড্যাডি নেটওয়ার্ক’ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, কমিউনিটি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।


উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ ২০১৬ সাল থেকে আদর্শ পিতাদের সম্মাননা দিয়ে আসছে। ২০২৬ সাল পর্যন্ত মোট ২৯৬ জন বাবাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ইতিবাচক অভিভাবকত্বের চর্চা ছড়িয়ে দেওয়া এবং কন্যাশিশুর শিক্ষার প্রসারে অন্য অভিভাবকদের উৎসাহিত করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।








  এই ক্যাটেগরির আরো সংবাদ