প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:১৩ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার। সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আগামী ২৭ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে।
দেশের তরুণ ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ মেলায় উৎপাদন ও সেবা খাতের প্রায় ৮০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশ নেবে।
আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সংস্থা ও এনজিওর মধ্যে অংশ নেবে ইউনিসেফ (UNICEF), বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন ও আরডিআরএস।
শিল্প, ভোগ্যপণ্য ও বৃহৎ শিল্পগোষ্ঠীর মধ্যে অংশ নেবে প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপ (ফ্রেশ), লিরা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপ।
ফিনটেক ও ব্যাংকিং খাত থেকে অংশ নেবে বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও ইউসিবি ব্যাংক।
ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইনসেপ্টা, একমি ল্যাবরেটরিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।
এ ছাড়া তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, আবাসন ও অন্যান্য সেবা খাত থেকে অংশ নেবে রবি আজিয়াটা, পাঠাও, ব্রেইন স্টেশন ২৩, নূর টেলিকম, ডায়মন্ড ওয়ার্ল্ড, এইচএল রিয়েল এস্টেট, অঞ্জনা, শিক্ষা ২.০ ও কমুর (Commure)-সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান।
জব ফেয়ারে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য সরাসরি সাক্ষাৎকার ও তাৎক্ষণিক চাকরির সুযোগ থাকবে। পাশাপাশি, কর্মসংস্থান উপযোগী ক্যারিয়ারবিষয়ক পরামর্শ এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নে অভিজ্ঞ পরামর্শকদের দিকনির্দেশনা দেওয়া হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে স্থানীয় পর্যায়ের চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সঙ্গে করপোরেট ও উন্নয়ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সরাসরি সংযোগ তৈরি হবে। এর ফলে তরুণদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান বাড়ানো, তাদের স্বাবলম্বী করা এবং উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জনপদকে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির মূল স্রোতে যুক্ত করার সুযোগ তৈরি হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১৬ হাজার ৩ জন চাকরিপ্রত্যাশী নিবন্ধন করেছেন। মেলায় প্রায় ২০ হাজার চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।