শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর সোয়া ১২টা থেকে বাণিজ্যিক কার্যক্রম চালু হয়। এতে বন্দরে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৬ অক্টোবর থেকে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বন্ধ থাকার পর শনিবার দুপুর সোয়া ১২টা থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
তিনি আরও জানান, কার্যক্রম শুরুর পর ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। এসব ট্রাক থেকে পণ্য খালাস করে দেশীয় ট্রাকে বোঝাইয়ের পর দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এতে বন্দরের স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসছে।
এদিকে, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, দুর্গাপূজা উপলক্ষে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চালু ছিল। শনিবারও দুই দেশের যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি / সিআর