এক যুগের জমিবিরোধে মন্দিরের গেটে নতুন তালা, চাবি দুই পক্ষের হাতে

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর

2026-10-21T19:14:40+06:00
2026-10-21T19:14:40+06:00
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

এক যুগের জমিবিরোধে মন্দিরের গেটে নতুন তালা, চাবি দুই পক্ষের হাতে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ৯)
ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের হস্তক্ষেপে মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উদ্যোগে মন্দিরের প্রবেশগেট উন্মুক্ত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের সমাধান না হওয়ায় এবারের দুর্গোৎসবে প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি। খবর পেয়ে ওই দিন বিকেলে মন্দির পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

বুধবার (২১ অক্টোবর) বিষয়টি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন। তাঁর নির্দেশনায় নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করার অনুরোধ জানানো হয়।

এরপর সাখাওয়াত হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন। আলোচনায় সিদ্ধান্ত হয়, মন্দিরের প্রবেশপথ বন্ধ করে ভক্তদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা দেওয়া যাবে না। ভক্তরা যেন নির্বিঘ্নে মন্দিরে প্রবেশ করে পূজা-অর্চনা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

এ সময় মন্দির কমিটির দুর্গাপ্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান সিটি করপোরেশনের প্রশাসক। তিনি বলেন, সরকারের ভাবমূর্তি রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ধর্মীয় উৎসবের কর্মসূচি স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া প্রয়োজন।

জমি নিয়ে বিরোধ প্রসঙ্গে সংশ্লিষ্টদের আশ্বস্ত করে সাখাওয়াত হোসেন খান জানান, সমস্যা সমাধানে আগামী ২৬ অক্টোবর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করা হবে। একই সঙ্গে দুর্গাপ্রতিমার পরিবর্তে বিকল্প প্রতিমা প্রতিষ্ঠা করে নিত্যপূজা অব্যাহত রাখতেও মন্দির কমিটিকে অনুরোধ জানান তিনি।

মন্দিরে প্রবেশে কোনো পক্ষ যাতে বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রবেশগেটে নতুন তালা লাগিয়ে উভয় পক্ষের প্রতিনিধির হাতে চাবি তুলে দেওয়া হয়। প্রশাসক দুই পক্ষকে পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থান বজায় রেখে নিজ নিজ অধিকার ভোগের আহ্বান জানান। পরে মন্দির কমিটির পক্ষ থেকে পুরো বিষয়টি জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত আবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শঙ্কর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহসভাপতি তিলোত্তমা দাস, বাংলাদেশ সনাতন পার্টির জেলা শাখার সভাপতি টনি মল্লিক, স্থানীয় বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু, যুবদল নেতা সাগর প্রধান, লক্ষ্মীনারায়ণ কটন মিলস পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

প্রশাসনের কাছে দেওয়া আবেদনে মন্দির কমিটির পক্ষ থেকে বলা হয়, লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দিরে দীর্ঘদিন ধরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শারদীয় দুর্গোৎসব পালিত হয়ে আসছে। এসব আয়োজনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করা হয়।

মন্দির কর্তৃপক্ষের প্রত্যাশা, এক যুগেরও বেশি সময় ধরে চলে আসা জমি-সংক্রান্ত বিরোধের অবসান হবে। প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা পেলে ধর্মীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করা হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ