হোমনায় ১১ পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী সুমন সরকার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:৩১ পিএম (ভিজিট : ০)

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের ১১টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. সুমন সরকার।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার দিকনির্দেশনায় তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির পরিচালনা কমিটির নেতাদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন এবং ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনকালে সুমন সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপির সার্বিক তত্ত্বাবধানে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে তাঁরা বদ্ধপরিকর। সেই সম্প্রীতির বার্তা নিয়েই তিনি প্রতিটি পূজামণ্ডপে উপস্থিত হয়েছেন।
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে সুমন সরকার বলেন, গত ১৭ বছর ধরে দলের জন্য আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাঁকে যথাযথ মূল্যায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুমন সরকারের এ উদ্যোগ ও আর্থিক সহায়তার জন্য পূজা উদযাপন কমিটির নেতারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডেল্টা টাইমস/আল্ আমিন/সিআর/এমই