সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড, শোকে প্রাণ গেছে ফুফুর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম (ভিজিট : ০)

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নাগরিক নজরুল ইসলামের (২৫) বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান বাবা আব্দুল বাছির। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।
নজরুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে।
পরিবারের সদস্য ও স্বজনদের দাবি, প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত না করে এবং বাংলাদেশ সরকারকে না জানিয়েই তড়িঘড়ি করে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এদিকে, গত ১৪ অক্টোবর রাতে নজরুলের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর ফুফু আবেদা বেগম।
খোঁজ নিয়ে জানা গেছে, বিরামপুর গ্রামের আব্দুল বাছির ও রহিমা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার বড় ছিলেন নজরুল। পরিবারের অভাব-অনটন দূর করতে ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে মক্কায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেন। তবে সৌদি আরবে যাওয়ার ছয় মাসের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। পরে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন।
নজরুলের মা রহিমা বেগমের দাবি, যে মেয়ের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর ছেলেকে দণ্ড দেওয়া হয়েছে, সেই অভিযোগ সঠিক নয়। এ ছাড়া সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকেও তাঁরা কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি। ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন রহিমা বেগম।
জেলা প্রশাসক আবু সাঈদ জানান, নজরুলের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় সহযোগিতা করবে জেলা প্রশাসন।