বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ এএম (ভিজিট : ৬)

মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মো. আবু বক্কর সিদ্দিকী রাফি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
নিহত রাফির বাবার নাম খায়রুল ইসলাম। তিনি গজারিয়ায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকেন এবং জীবিকা নির্বাহের জন্য একটি চায়ের দোকান পরিচালনা করেন। তাদের স্থায়ী নিবাস নড়াইল জেলায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে ৫ বন্ধু গোসল করতে নেমেছে। এ সময় ৪ জন সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও ৭ বছর বয়সী রাফি নিখোঁজ হয়।
খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল সেখানে গিয়ে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। তবে শনিবার দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
ডেল্টা টাইমস/সিআর/এমই