ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ এক নারীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন।
মারা যাওয়া নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা থেকে তার পরিচয় জানা গেছে।
যাত্রীতালিকা অনুযায়ী, অঞ্জনা ভৌমিকের সঙ্গে উড়োজাহাজে ছিলেন চিকিৎসক ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং তার দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।
উড়োজাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। এর মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা খুলে যায়। এ পরিস্থিতিতে পাইলট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।