
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র্যাব-১ ও র্যাব-২ শাখার নাম পরিবর্তন করে যথাক্রমে এসআরবি-১ ও এসআরবি-২ শাখা করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পরিবর্তন আনা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর এ-সংক্রান্ত আইনের গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়। এর ধারাবাহিকতায় মন্ত্রণালয়ের র্যাব-১ ও র্যাব-২ শাখার নাম বদলে নতুন নাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আশেকুল হকের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশ করেছে মন্ত্রণালয়।
অফিস আদেশে বলা হয়, বিদ্যমান র্যাব-১ শাখার নাম বদলে এসআরবি-১ এবং র্যাব-২ শাখার নাম বদলে এসআরবি-২ শাখা করা হয়েছে। শাখাগুলোর নাম পরিবর্তনের ফলে কোনো ধরনের আর্থিক সংশ্লেষ হবে না। পদের সংখ্যা ও গ্রেডেও কোনো পরিবর্তন হবে না।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।