পুরস্কৃত নাটোরের ওসি ও এসআই
আইজিপির হাত থেকে হারানো ম্যাকবুক বুঝে নিলেন জার্মান পর্যটক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম (ভিজিট : ১০)

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ম্যাকবুক উদ্ধার করে তাঁর হাতে তুলে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তবে পর্যটকের হারানো ক্যামেরা এখনো উদ্ধার হয়নি। সেটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশের জনসংযোগ বিভাগ।
পুলিশ জানায়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে গত ২৩ সেপ্টেম্বর দেশে আসেন ক্রিল। ৭ অক্টোবর তিনি নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় স্টেশনের অপেক্ষাকক্ষে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। ফিরে এসে সেগুলো না পেয়ে নাটোর থানায় পুলিশের সহযোগিতা চান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হারানো ল্যাপটপে গত ছয় মাসের কাজের তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিও ছিল। ক্রিলের লিখিত আবেদনের পর নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের একাধিক দল ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযানে নামে। এর ধারাবাহিকতায় ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
ক্রিল বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ ভ্রমণে তাঁর ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার ও পুলিশের পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি। তিনি সংশ্লিষ্ট সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের দ্রুত ও পেশাদার সেবা দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা, জনআস্থা অর্জন এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন।