মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট

ডেল্টা টাইমস ডেস্ক:

প্রবাস

মালদ্বীপে মো. সজীব (২৭) নামের এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না

2026-10-11T10:12:12+06:00
2026-10-11T10:12:12+06:00
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:১২ এএম   (ভিজিট : ৫)
পরিবারে আর্থিক সচ্ছলতা আনার আশায় প্রায় তিন বছর আগে মালদ্বীপে পাড়ি জমান মো. সজীব। ছবি: সংগৃহীত

পরিবারে আর্থিক সচ্ছলতা আনার আশায় প্রায় তিন বছর আগে মালদ্বীপে পাড়ি জমান মো. সজীব। ছবি: সংগৃহীত

মালদ্বীপে মো. সজীব (২৭) নামের এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তার তিন রুমমেটকে।

লাপাত্তা তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের কুমিল্লার বরুড়া উপজেলার এবং অন্যজন নেপালের নাগরিক। তাদের অনুপস্থিতি ঘিরে সজীবের মৃত্যুর ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে স্বজনদের মধ্যে। তবে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহত সজীব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া উত্তরপাড়া এলাকার পুরাতন মকিমের বাড়ির আবদুল খালেকের ছেলে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে তার মৃত্যুর খবর দেশে পৌঁছায়। সজীবের চাচাতো ভাই মো. সোহেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সজীবকে তার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে মালদ্বীপের পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গেছে।

নিহতের পরিবারের দাবি, মরদেহ উদ্ধারের সময় সজীবের সঙ্গে একই কক্ষে থাকা তিন প্রবাসী সেখানে ছিলেন না। তাদের বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় সজীবের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে সন্দেহ করছেন স্বজনেরা। তাদের আশঙ্কা, তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপন করা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া এখনও যায়নি।

এ বিষয়ে মালদ্বীপের পুলিশের বক্তব্যও জানা সম্ভব হয়নি। ফলে সজীবের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সজীব অবিবাহিত ছিলেন। তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের কোনো সমস্যা ছিল না বলে দাবি স্বজনদের। পরিবারে আর্থিক সচ্ছলতা আনার আশায় প্রায় তিন বছর আগে মালদ্বীপে পাড়ি জমান তিনি।

সজীবের আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মহালক্ষ্মীপাড়া উত্তরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসী তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সেইসঙ্গে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে সজীবের পরিবার। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ