অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম (ভিজিট : ৫)

অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে পার্থের ইন্ডিয়ান ওশান ড্রাইভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দেশটির এডিথ কোওয়ান বিশ্ববিদ্যালয়ের (ইসিইউ) শিক্ষার্থী ছিলেন।
তাসনিম ঐশির অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এক শোকবার্তায় হাইকমিশন শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।
এদিকে তাসনিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পার্থে বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পার্থ (বিস্যাপ)। সংগঠনটি শোকবার্তায় জানায়, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাসনিমের অকালমৃত্যুতে পার্থের বাংলাদেশি শিক্ষার্থীসমাজ গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, বন্ধু, সহপাঠী ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
শোকবার্তায় তাসনিমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা করা হয়।