মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) কুয়ালালামপুরের পান্ডান জায়ার আশপাশের ৪টি জুয়ার স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে শুরু হওয়া এ অভিযানে পুত্রজায়া অভিবাসন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের একটি দল অংশ নেয়।
স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে এক মাস গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয় এবং একজন বাংলাদেশি পুরুষ ও একজন ইন্দোনেশীয় নারীকে গ্রেফতার করা হয়। পরে এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা বিদেশি পাসের অপব্যবহার করেছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও মালয়েশিয়ায় অবস্থান করেছে। দেশে থাকার জন্য তাদের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি বা বৈধ পাস ছিল না।
আভিযানিক দলটি ৭টি ইন্দোনেশীয় পাসপোর্টের অনুলিপি, ৩১টি ট্যাবলেট, ১৫টি মোবাইল ফোন, কর্মচারীদের টাইম শিট, প্রতিষ্ঠানের ভাড়া চুক্তির অনুলিপি এবং মোট ১ হাজার ৬৭৪ রিঙ্গিত নগদ অর্থ জব্দ করেছে।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য পুত্রজায়া অভিবাসন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তে সহায়তা করার জন্য পাঁচজন স্থানীয়কে অফিসে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জানায়, দেশের আইন লঙ্ঘনকারী যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে ক্রমাগত এবং কঠোর প্রয়োগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, যাতে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সর্বদা সংরক্ষিত থাকে।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ