এবিজেএর নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ, দায়িত্বে তিন বিশিষ্ট ব্যক্তিত্ব
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম (ভিজিট : ৭)

# ২৫ অক্টোবর এবিজেএর নির্বাচন, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার আহ্বান
অস্ট্রেলিয়ায় প্রবাসী লেখক, সাংবাদিক ও শিক্ষাবিদদের সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) ২০২৬ সালের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁরা হলেন প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিন ফারুকী ওএএম এবং প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান।
আগামী ২৫ অক্টোবর রোববার দুপুর ১২টায় সিডনির রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনটির নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে।
নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা তিন বিশিষ্ট ব্যক্তিত্বের নেতৃত্বে এবারের নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হবে। সংগঠনের গণতান্ত্রিক চর্চা, সদস্যদের অংশগ্রহণ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও সুসংহত করার ক্ষেত্রে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচনে শুধু আর্থিকভাবে হালনাগাদ সদস্যরাই ভোটাধিকার প্রয়োগ এবং প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬।
নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা সফল করতে এবিজেএর সব সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
তাঁরা আশা প্রকাশ করেন, সবার সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবিজেএর নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা সফল হবে এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে।