আবারও একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএল-পিএসএল

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

তৃতীয়বারের মতো আইপিএলের সঙ্গে একই সময়ে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটির ১২তম আসর শুরু হবে

2026-10-08T16:44:24+06:00
2026-10-08T16:44:24+06:00
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আবারও একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএল-পিএসএল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৪)

তৃতীয়বারের মতো আইপিএলের সঙ্গে একই সময়ে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটির ১২তম আসর শুরু হবে আগামী বছরের ১৮ মার্চ, চলবে ২ মে পর্যন্ত। রমজানের পর পিএসএল আয়োজন নিয়ে সম্প্রচার স্বত্বধারী ওয়ালি টেকনোলজিস আপত্তি জানালেও শেষ পর্যন্ত মার্চ-মে সময়কেই বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ফ্র্যাঞ্চাইজিগুলো।

২০১৬ সালে শুরু হওয়ার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়েছে পিএসএল। তবে আইসিসির ব্যস্ত সূচির কারণে ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি এপ্রিল-মে সময়ে সরিয়ে নেওয়া হয়। ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় সূচিতে এই পরিবর্তন আনা হয়েছিল।

২০২৭ সালের পিএসএল জানুয়ারি-ফেব্রুয়ারিতে এগিয়ে আনার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছিল। গত মাসে গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ নিয়ে পিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো আলোচনা করে। পিএসএলের ২০২৯ সাল পর্যন্ত মিডিয়া স্বত্বের মালিক ওয়ালি টেকনোলজিস বর্তমান সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। তাদের দাবি, রমজানের পর বিজ্ঞাপন ও সম্প্রচার থেকে কাঙ্ক্ষিত আয় পাওয়া কঠিন হয়ে পড়ে।

ওয়ালি টেকনোলজিসের যুক্তি ছিল, পবিত্র রমজান মাসে বেশির ভাগ বিজ্ঞাপনদাতা তাদের বিপণন ও টেলিভিশন বিজ্ঞাপনের বাজেট ব্যয় করে ফেলে। ফলে রমজানের পর টুর্নামেন্ট হলে সম্প্রচারকারীদের জন্য বিজ্ঞাপন থেকে আয় কমে যায়। গত দুই আসরও রমজানের পর অনুষ্ঠিত হয়েছে। ২০২৭ সালের আসরও একই সময়ের পরেই পড়ছে। আগামী বছর রমজান শুরু হবে ফেব্রুয়ারির শুরুতে এবং চলবে মার্চের শুরু পর্যন্ত।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পিএসএল আয়োজনের প্রস্তাব অবশ্য বাস্তবসম্মত মনে হয়নি। কারণ, এই সময়ে পাঞ্জাবে তীব্র শীত ও ঘন কুয়াশা থাকে। লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডি—পিএসএলের চারটি ঐতিহ্যবাহী ভেন্যুর মধ্যে তিনটিই এই প্রদেশে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয় বড় শঙ্কা।

গভর্নিং কাউন্সিলের বৈঠকে সময়সূচি নিয়ে কোনো ঐকমত্য না হওয়ায় পরে আটটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ই-মেইলে মতামত নেয় পিসিবি। সংখ্যাগরিষ্ঠ ফ্র্যাঞ্চাইজি মার্চ-মে সময়কেই সমর্থন করে। এরপর ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ২০২৭ সালের পিএসএল একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় আবারও আইপিএলের সঙ্গে সরাসরি সূচি-সংঘাত তৈরি হচ্ছে। এর আগে ২০২৫ ও ২০২৬ সালেও দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ একই সময়ে মাঠে গড়িয়েছিল।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ